ঢাকা অফিস।।
লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবার এসেছে কোরবানির ঈদ। মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ বৃহস্পতিবার। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা কোরবানি দেন।
ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ক্লান্তি মাড়িয়ে হলেও শহরের মানুষ ফেরে গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনের কাছে। এরই মধ্যে অনেকে পৌঁছে গেছে। কোরবানির পশু কেনার কাজও প্রায় শেষ।
আজ পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগাহে যাবে মানুষ। ঈদের জামাতের পর খুতবায় ইমামরা হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাঈল (আ.)-এর কোরবানির অমর কাহিনি বয়ান করবেন।
সম্মিলিতভাবে দুই রাকাত নামাজ শেষে সবার জন্য করা হবে মঙ্গল কামনা। ব্যক্তি, সমাজ, দেশ, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। জামাত শেষে কোলাকুলি করে প্রকাশ করা হবে পরস্পরের প্রতি ভালোবাসা। ঈদগাহ থেকে বাড়ি ফিরে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে।
পশু কোরবানিই ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা। ঈদের পরও দুই দিন পশু কোরবানি দেওয়া হয়। ঈদের আগে পশু কেনার পর পরিচর্যা করার মাধ্যমে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, রাজধানীর মানুষের মধ্যে এবারও তা দৃশ্যমান।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। কোরবানি আমাদের মধ্যে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করার আহবান জানান। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
>>খুলনায় কখন কোথায় ঈদের জামাত
খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান বলেন, ঈদের জামাতের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে সার্কিট হাউজ ময়দানে সামিয়ানা লাগানোর কাজ চলছিল। তবে বৃষ্টি হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। এমন আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদের সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সার্কিট হাউজ ও টাউন জামে মসজিদ ছাড়াও নগরীর ৩১ টি ওয়ার্ডে ও জেলার ৯টি উপজেলায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর খুলনা আলিয়া মাদরাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সরকারি বিএল কলেজ জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। নিরালা তাবলীগ মসজিদ ও হরিণটানা আল আকসা মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রায়পাড়া মসজিদে মিনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায়। শিরোমনি বাজার জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। গিলাতলা গাজীপাড়া ঈদগাহ, গিলাতলা মোল্লাপাড়া ঈদগাহ, গিলাতলা শেখপাড়া জামে মসজিদ, গিলাতলা বায়তুল আকসা জামে মসজিদ, শিরোমনি মধ্যপাড়া দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর ৩১টি ওয়ার্ডে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।











































