বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় নিজের মাছের ঘের থেকে এক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টায় ওই এলাকায় মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সরদার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ সরদারের ছেলে মান্নান সরদার (৫০)।
স্থানীয়রা জানান, মান্নান সোমবার রাতে প্রতিদিনের মতো পাহারা দিতে ঘেরে যান। পরে মঙ্গলবার সকাল ৮টা বেজে গেলেও বাড়িতে না-আসায় পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। একপর্যায়ে মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখেন তারা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।











































