Home আঞ্চলিক পদ্মা সেতুর বছর পূর্তি, নতুন শিল্প কারখানার স্বপ্ন পূরণ হয়নি খুলনাবাসীর

পদ্মা সেতুর বছর পূর্তি, নতুন শিল্প কারখানার স্বপ্ন পূরণ হয়নি খুলনাবাসীর

45

স্টাফ রিপোর্টার।।

‘আমরা ভেবেছিলাম পদ্মা সেতু চালুর পর খুলনায় নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। পাটকলসহ যেসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেগুলো আবার চালুর ব্যাপারে সরকারি-বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেয়া হবে। কিন্তু পদ্মা সেতু চালুর পর গত এক বছরে খুলনায় নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলারও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ অবস্থায় আমরা খুলনার মানুষ আশাহত হয়েছি।’ খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার এভাবেই কথাগুলো বলছিলেন।

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি মো. খলিলুর রহমান বলেন, গত বছর ২৫ জুন পদ্মা সেতু চালুর পর খুলনায় নতুন শিল্পায়ন হয়নি। বন্ধ পাটকলগুলো চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। দেশি-বিদেশি বিনিয়োগকারী শিল্প কারখানা গড়ে তোলার জন্য জমি কিনেছে-এ রকম কোনো খবরও আমার জানা নেই।

শুধু এই দুইজনই নয়; পদ্মা সেতু চালুর প্রেক্ষাপটে নতুন শিল্প কারখানা গড়ে উঠার যে স্বপ্ন খুলনার মানুষ দেখেছিল তা পূরণ হয়নি। বন্ধ মিল কারখানা চালু করতে যেমন ফলপ্রসূ কোনো উদ্যোগ নেই, তেমনি বেসরকারি পর্যায়েও তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর পর খুলনায় গত ৩ অক্টোবর ‘এস এম আকবর হোসেন ডকইয়ার্ড’ নামে একটি মাত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ২০ লাখ টাকা।

বিডা’র পরিচালক প্রণব কুমার রায় বলেন, শিল্প কারখানা গড়ে না উঠার অন্যতম কারণ হলো খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ ও বিমানবন্দর না থাকা। পদ্মা সেতু চালুর পর এখনও বিনিয়োগকারীদের তেমন তোড়জোড় দেখা যায়নি। বিমান বন্দর না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আসতে আগ্রহী হয় না। কিছুদিন আগে দুবাই, চীন ও ভারতীয় তিনজন বিনিয়োগকারীরা খুলনায় আসেন। কিন্তু বিমানবন্দর না থাকায় তারা আগ্রহী হননি। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা খুলনায় এসে জমি কিনতে গেলে দালালরা জমির দাম বাড়িয়ে দেয়। তবে যেহেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ফলে ধীরে ধীরে বিনিয়োগ হবে।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ আব্দুল বাকী বলেন, গত এক বছরে খুলনায় হিমায়িত চিংড়ি রপ্তানিকারক নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। খুলনা বা অন্য জেলার কোনো বিনিয়োগকারী আগ্রহী হয়নি। তবে পদ্মা সেতুর চালুর ফলে হিমায়িত চিংড়ি বিদেশে রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয়েছে। মোংলা বন্দর আগের তুলনায় আরও গতিশীল হওয়ায় এই বন্দর দিয়ে সহজে বিদেশে হিমায়িত চিংড়ি রপ্তানি করা যাচ্ছে।

তিনি জানান, খুলনা থেকে যে চিংড়ি রপ্তানি হয় তার ২০ ভাগ যায় চট্টগ্রাম বন্দর দিয়ে। আগে ফেরি পারাপার হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত কনটেইনার পাঠাতে অনেক সময় লাগতো। এখন আর ফেরিঘাটে অপেক্ষা করতে হয় না।

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী বলেন, শিল্প কারখানা রাতারাতি হবে না। এখানকার পাট ব্যবসায়ীদের কয়েকজন নতুন পাটকল স্থাপনের চিন্তাভাবনা করছে।

এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, পদ্মা সেতু চালুর পর আগের তুলনায় এখন রাজধানীতে যেতে অল্প সময় লাগে, ফেরিঘাটের ভোগান্তিও নেই। কিন্তু নতুন শিল্প কারখানা গড়ে না ওঠায় বেকারদের কর্মসংস্থান হয়নি।

 

এর কারণ হিসেবে তিনি বলেন, খুলনায় এখনও শিল্প বিনিয়োগের পরিবেশ তৈরি হয়নি। অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা গেলে সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আসতো। দুটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত জায়গাই নির্ধারণ হয়নি। বিদেশি বিনিয়োগকারীরা জমি কিনে কারখানা গড়ে তুলতে আগ্রহী হবে না। এছাড়া ব্যক্তি উদ্যোগেও কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এর প্রধান কারণ খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ নেই। যেসব এলাকায় গ্যাস সরবরাহ রয়েছে সেখানকার তুলনায় খুলনায় বিদ্যুৎ ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান চালাতে খরচ অনেক বেশি হয়।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বলেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় লাগে। খুলনা, খুলনার বাইরের এবং বিদেশি বিনিয়োগকারীরা শিগগিরই শিল্প কারখানা গড়ে তুলবে বলে তিনি আশাবাদী। রাজধানীর কয়েকটি শিল্প গ্রুপ খুলনায় জমি খুঁজছে।