ঢাকা অফিস।।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শুধু একটি দলকে পরিবর্তন করে আরেকটি দলকে ক্ষমতায় বসালেই গণতন্ত্র অর্জিত হবে না। দেশের এ সংকট নিরসনে রাজনীতিবিদদের আরো ঠান্ডা মাথায় ভাবতে হবে।
রবিবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক সংকট চলমান গণতান্ত্রিক আন্দোলন ও জনপ্রত্যাশা নিয়ে মতবিনিময়ে’ তিনি এ কথা বলেন।
এদিকে, নির্বাচন ঘিরে বিদেশী হস্তক্ষেপ তৈরি হওয়ার পিছনে সরকারই দায়ি বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পর্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি দাবি করেন, গণতান্ত্রিক ভোটাধিকার হরণ, দুর্নীতির মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। মতবিনিময় সভায় আলোচকরা বলেন, সরকার নিজের গদি রক্ষার স্বার্থে পররাষ্ট্রনীতি তৈরি করেছে।
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। আলোচনায় অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।











































