Home জাতীয় আওয়ামী লীগের সাথে আপোষ করার প্রশ্নই আসে না: জামায়াত আমীর

আওয়ামী লীগের সাথে আপোষ করার প্রশ্নই আসে না: জামায়াত আমীর

47

ঢাকা অফিস।।

আওয়ামী লীগের সাথে আপোষ করার কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নাটক সাজিয়ে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। ফলে তাদের সাথে আপোষ করার কোন প্রশ্নই আসেনা।

রবিবার (২৫ জুন) রাজধানীর একটি মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদুল আজহার পরে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাবো। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যতদিন বেঁচে আছি কোন স্বৈরাচারের শাসন মেনে নেব না।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে দেলওয়ার হোসেন ও কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।