Home আন্তর্জাতিক কয়েক মাসেই খাদ্যসংকট দেখা দেবে পাকিস্তানে

কয়েক মাসেই খাদ্যসংকট দেখা দেবে পাকিস্তানে

22

খুলনাঞ্চল ডেস্ক।।

পাকিস্তানে খাদ্য মূল্যস্ফীতি বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। চালের কেজি ৩৬৮ রুপি। আর পোল্ট্রি মুরগির মাংসের দাম ৩৫০ রুপি। পাকিস্তানিদের প্রধান খাবার আটার রুটি বা নান রুটি। বর্তমান খুচরা বাজারে এক কেজি আটা বিক্রি হচ্ছে ১৬০ রুপিতে। আর র্সবনিম্ন দরে রান্নার তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৬শ রুপিতে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরার যেন কেউ নেই।

দেশটির সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনই লাখ লাখ পাকিস্তানি ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় বা চেষ্টা করে। প্রতিদিনই এ তালিকায় যুক্ত হচ্ছে আরও পাকিস্তানির নাম। দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে খাবারের জন্য লড়াই করছে তারা। পাতে অন্তত একবেলা খাবার তুলে দেওয়ার এ লড়াইকে এখন তুলনা করা হচ্ছে আফগনিস্তানের সঙ্গে। সেখানেও মানুষ খাবারের জন্য হাহাকার করছে। শুধু পাকিস্তানে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা আছে এই তালিকায়। উচ্চবিত্তরা এসব থেকে অনেক দূরে। কারণ সম্পদ ও প্রাচুর্য্যরে মধ্যে থাকায় তাদের গায়ে এই মূল্যস্ফীতির আঁচ লাগেনি। কারণ তারা কোনো না কোনোভাবে সরকার ব্যবস্থা, রাজনীতিবিদ অথবা পাকিস্তানের সেনাবাহীনির সঙ্গে সম্পৃক্ত। ২২ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে প্রায় ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এটা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। পাকিস্তান সরকারের দারিদ্র্য পরিমাপের নতুন নিয়মে এই তথ্য উঠে এলেও বাস্তবে এ পরিসংখ্যান আরও বেশি।

অক্সফামের এক প্রতিবেদন অনুযায়ী, মৌলিক খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য উন্নয়নশীল দেশগুলোর জীবনযাত্রার মানের জন্য এখন সবচেয়ে গুরুতর হুমকি। পাকিস্তানের মতো একটি দেশে যেখানে তাদের আয়ের ৫০% থেকে ৮০% খাদ্যে ব্যয় করা হয়, এটি জীবিকার জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ উপস্থাপন করে। ২২০ মিলিয়নের দেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণের ক্রয়ক্ষমতা ক্রমাগত সঙ্কুচিত হওয়ায় শাকসবজি, মাংস, দুগ্ধজাত পণ্য এবং রুটির দাম আকাশচুম্বী হয়েছে। সরকার কর্তৃক প্রকাশিত সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুসারে সাপ্তাহিক খাদ্য মূল্যস্ফীতি গত বছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেড়েছে। ৫ জানুয়ারি, ২০২৩-এ শেষ হওয়া সপ্তাহের মূল্যসূচকে মুরগির দাম ৮২.৫% এবং ডিমের ৫০% বৃদ্ধি রেকর্ড করেছে।

একদিকে ঋণের বোঝায় ডুবছে দেশটি। অন্যদিকে লোকজনের কাছে খাবার পয়সা নেই। ২০২৩ সালের জানুয়ারির শেষ নাগাদ দেশের বৈদেশিক ঋণ ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০.৬৯ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি হয়েছে (২০ লাখ কোটি)। খেলাপির আসন্ন ঝুঁকি এড়ানোর প্রচেষ্টার মধ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তান থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, পাকিস্তানকে এ বছরে ২১.৯৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে ১৯.৩৪ বিলিয়ন ডলার মূল এবং ২.৬০ বিলিয়ন ডলার ঋণের সুদ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে ঋণ দেওয়ার কথা ছিল, সেটাও এখনো ঝুলে আছে। এত সব চাপের মধ্যে থেকেও ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে ১.৮ ট্রিলিয়ন রুপি (১ লাখ ৮০ হাজার কোটি রুপি) বরাদ্দ করেছে পাকিস্তান। যা গতবারের থেকে ১৫.৫ শতাংশ বেশি। সার্বিকভাবে এবার মোট ১৪.৪ মিলিয়ন টাকার বাজেট পেশ করেছে পাকিস্তান সরকার। অর্থাৎ যে সময় পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডার হুড়মুড়িয়ে কমছে, সেই সময় দেশের মোট বাজেটের ১০ শতাংশের বেশি অর্থই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, গতবারের থেকে এবার প্রতিরক্ষা খাতে ১,৫২৩ মিলিয়ন রুপি বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থাৎ শতাংশের বিচারে বরাদ্দ বেড়েছে ১৫.৫। যা পাকিস্তানের জিডিপির ১.৭ শতাংশ বলে দাবি করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪০ শতাংশের ওপরে বেড়ে যাওয়ায়, লাখ লাখ পাকিস্তানির তাদের ক্রয়ক্ষমতা আরও ক্ষয়প্রাপ্ত হয়েছে। এমনকি সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তাগুলোও সংগ্রহ করতে সংগ্রাম করছে।

এদিকে, ক্ষমতাসীন সরকার দেশের বৈদেশিক রিজার্ভকে বাড়ানোর জন্য আরও কর আরোপ করে এবং আমদানি বন্ধ করে ব্যবধান কমানোর চেষ্টা করছে। এর সব নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির সাধারণ জনগণের ওপর। ডনের প্রতিবেদন বলছে, পরিসংখ্যান ব্যুরো যে পরিমাণ মুদ্রাস্ফীতির কথা বলছে, বাস্তবে তা আরও অনেক বেশি।

‘আমরা এখন আল্লাহতালার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। কারণ তিনিই এখন ভরসা। একমাত্র তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে।’ বলছিলেন করাচি এফবি এলাকায় নিরাপত্তারক্ষী ইমাম আলী। জীবনের শেষ বয়সের কাছাকাছি এসেও তিনি সংগ্রাম করে যাচ্ছেন খাদ্য জোগাড় করতে। প্রতিদিনের খাবার জোটাতে এখন হিমশিম খাচ্ছেন। হতাশা নিয়ে বলেন, ‘আমার সন্তানরা রাতে যদি কিছু খেতে চায়, অজুহাত দেখাই আর অপেক্ষা করি কখন ঘুমিয়ে যাবে। আমরা যদি এক বেলা খাই, দ্বিতীয় বেলা খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। নিরাপত্তারক্ষীর কাজ করে আলী মাসে উপার্জন করছেন ১৫ হাজার রুপি, যদিও দেশটির ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি। কিন্তু এই ১৫ হাজার রুপি দিয়ে মাসের ১৫ দিনও চলে না তার।

সরকার ও রাজনীতিবিদদের দিকে অভিযোগ তুলে আলী বলেন, ‘ইনহো নে জিনা হারাম কার দিয়া হ্যায় [তারা আমাদের জীবনকে অসম্ভব করে তুলেছে]’। আমরা যদি একটি জিনিস (উপাদান) কিনি, তবে আমরা দ্বিতীয়টি (উপাদান) কিনতে পারি না। যদি আমাদের দুটি থাকে, তবে তৃতীয়টি অনুপস্থিত। আমরা শুধু বেঁচে আছি। বাস আল্লাহ চালা রাহা হ্যায়, আল্লাহ মালিক হ্যায়। [আল্লাহ আমাদের চালাচ্ছেন,তিনিই তত্ত্বাবধায়ক]।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী করাচিতে পেট্রলের দাম ২৯২ রুপি, স্থানভেদে এ দাম ৩শ রুপিতেও উন্নীত হচ্ছে। ডলারের রিজার্ভ নিয়ন্ত্রণে রাখতে বারবার জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে অর্থনীতির প্রতিটি খাতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে, যেমনটি খাদ্যপণ্যের দামের তীব্র বৃদ্ধিতে স্পষ্ট। এমনকি জনগণের উপার্জন অনেকাংশে স্থবির থাকা সত্ত্বেও, আটা, চাল, মুরগি, ডিম, পেঁয়াজ এবং রান্নার তেলের মতো প্রয়োজনীয় জিনিসগুলোর দামে একটি অভূতপূর্ব উল্লম্ফন দেখা যাচ্ছে বর্তমান সময়ে। অনেকগুলো খাদ্যপণ্যের দাম গত চার বছরে দ্বিগুণ হয়েছে।

৪১ বছরের রুখসানা বিবি কাজ করেন করাচিতে গৃহকর্মী হিসাবে। নিরন্তর জীবন সংগ্রামের মধ্যে থেকেও একবেলা খাদ্যের সংস্থান করতে তিনি দিশেহারা। তিন বাড়িতে কাজ করে তিনি মাসে উপার্জন করেন ৯ হাজার রুপি। তিনি বলেন, আগে বাসা থেকে কর্মস্থলে আসা-যাওয়া করতে ১০০ রুপি লাগত। এখন লাগে ৩শ রুপি। আসা-যাওয়ার খরচ বাদ দিয়ে যা থাকে তা দিয়ে বাসা ভাড়া ও খাবার জোটাতে হয়। এ রকম চলতে থাকলে আগামী দিনগুলো কীভাবে সামলাবেন তা তার জানা নেই। তিনি বলেন, ‘আমি মাসে যা আয় করি, খরচ তার তিনগুণ হয়ে গেছে গত দুই বছরে।’

অর্থনীতিবিদদের মতে, বর্তমান মুদ্রাস্ফীতির প্রবণতার একটি বড় কারণ হলো ২০২২ সালের বন্যা, যা দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত করেছিল। হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস করেছে এবং খাদ্য উৎপাদনের ঘাটতি তৈরি করেছে। আরেকটি মূল কারণ হলো অর্থমন্ত্রী ইসহাক দার ঘোষিত অতিরিক্ত কর-ব্যবস্থা, যিনি একটি আইএফএম-নির্দেশিত ‘মিনি-বাজেট’ পেশ করেছিলেন, যা প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে জিএসটি বাড়িয়েছিল।

করাচির বাজারে একজন দোকানির বিবৃতি অনুসারে, পাকিস্তানে মুরগির মাংস এবং চালের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মুরগির দাম কেজিপ্রতি ৩৫০ টাকা বেড়েছে, যেখানে চালের দাম কেজিপ্রতি ৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি পিকেআর ৩৩৫-এ পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি পাকিস্তানের জনগণের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়েছে। পাকিস্তানে খাদ্যের ক্রমবর্ধমান দাম মাংসের বাজারকেও রেহাই দেয়নি। গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে দাম প্রতি কিলোগ্রাম ৭শ রুপি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন প্রতি কিলোগ্রাম এর দাম ৯০০ থেকে ১০০০ রুপি।

বিশ্বব্যংকের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাসেই ব্যাপক খাদ্য সংকট দেখা দেবে জাতিসংঘের অন্তর্গত দুটি সংস্থার তরফে আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জেরেই এহেন ভোগান্তি হবে বলেই দাবি জাতিসংঘের। কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতিতে দাঁড়িয়েও পাক অর্থমন্ত্রী ইসাক দারের দাবি, দেশের আর্থিক সংকট প্রায় মিটে গিয়েছে। জাতিসংঘের অধীনস্থ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যেই ব্যাপক খাদ্য সংকটে পাকিস্তান ও আফগানিস্তান।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্ত ইতোমধ্যেই খাদ্যের অভাবে ধুঁকছে স্থানীয় মানুষ। কারণ বিদেশি মুদ্রার অভাবে খাদ্য আমদানি করতে পারছে না পাক-প্রশাসন। সেই সঙ্গে হু হু করে খাবারের দামও বাড়ছে। ফলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই কার্যত দুর্ভিক্ষের মধ্যে পড়বেন পাকিস্তানের অন্তত ৮৫ লাখ মানুষ।

আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্ল্যাসিফিকেশনের (আইপিসি) প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের প্রায় ১০.৫ মিলিয়ন মানুষ (বিশ্লেষিত জনসংখ্যার ২৯ শতাংশ) এপ্রিল থেকে অক্টোবর ২০২৩-এর মধ্যে উচ্চমাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার (আইপিসি ফেজ ৩ বা তার বেশি) সম্মুখীন হচ্ছে বা হতে যাচ্ছে। তাদের মধ্যে আনুমানিক ২.১ মিলিয়ন মানুষ (বিশ্লেষিত জনসংখ্যার ৬ শতাংশ) হবে আইপিসি ফেজ ৪ (জরুরি) এ এবং ৪৩টি বিশ্লেষিত জেলাজুড়ে প্রায় ৮.৪ মিলিয়ন মানুষ (বিশ্লেষিত জনসংখ্যার ২৩ শতাংশ) আইপিসি ফেজ ৩ (সংকট) এ থাকবে। সংস্থাটির পূর্বাভাস বলছে, নভেম্বর ২০২৩ এবং জানুয়ারি ২০২৪-এর মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ১১.৮ মিলিয়ন মানুষ (বিশ্লেষিত জনসংখ্যার ৩২ শতাংশ) উচ্চমাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে।

তবে দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়েও প্রবল আত্মবিশ্বাসী পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার। তার মতে, দেশের ভেঙে পড়া অর্থনীতির হাল ফেরাতে সবচেয়ে কঠিন কাজগুলো ইতোমধ্যেই সেরে ফেলা হয়েছে। এখন সুফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু পাক অর্থমন্ত্রীর আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)Ñ এই দুই সংস্থার তরফে বলা হয়েছে, চলতি বছরে অক্টোবর মাসে পাকিস্তানে নির্বাচন রয়েছে। তার আগে যদি সে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হয়, তা হলে খাদ্যসংকট আরও তীব্র আকার নেবে।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বলছে, পাকিস্তানে খাবারের খরচ আগের বছরের একই মাসের তুলনায় ২০২৩ সালের মে মাসে ৪৮.৬৫ শতাংশ বেড়েছে। ব্যুরোর মতে, গত বছরের তুলনায় এ বছর পাকিস্তানে খাদ্যদ্রব্যের দাম ১০০ শতাংশ বেড়েছে, ডেইলি দুনিয়া রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ২০ কেজি আটার ব্যাগ ছিল ১৪০০ রুপি। এখন তা ২৩০০ রুপি ছাড়িয়েছে। এক বছরে পাউরুটির দাম ১০ রুপি থেকে বেড়ে ২০ রুপি হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যের মূল্যবৃদ্ধি পাকিস্তানের জনগণের ক্রয়ক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করেছে। বিশ্বব্যাংক তার খাদ্য নিরাপত্তা আপডেটে প্রকাশ করেছে, ‘পাকিস্তানে খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে পরিবারের ক্রয়ক্ষমতা ৩৮ শতাংশ কমে গেছে, শিশুরা প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে।’

একদিকে ক্ষুধা ও অপুষ্টি পাকিস্তানকে তাড়া করছে; অন্যদিকে দেশটির রাজনৈতিক নেতা এবং জেনারেলরা ক্ষমতা লাভের জন্য কাড়াকাড়ি করছে। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনে সিন্ধু, খাইবারপাখতুনখোয়া এবং বেলুচিস্তানের অন্তত তিনটি প্রদেশে ক্রমবর্ধমান ক্ষুধা ও অপুষ্টির উল্লেখ করা হয়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে। সর্বশেষ জাতিসংঘ এবং এফএও সমীক্ষায় দেখা গেছে। ৪৫টি জেলায় অন্তত ১০.৫ মিলিয়ন মানুষ দৈনিক ক্ষুধার সম্মুখীন হচ্ছে, আক্রান্ত লক্ষাধিক শিশুর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের বয়স ৬ থেকে ২৩ মাস।

জাতিসংঘ চলতি বছরের এপ্রিল মাসেও এ বিষয়ে সতর্ক করেছিল রাজনৈতিক নেতাদের পাশাপাশি জেনারেলরা অক্টোবরে নির্ধারিত নির্বাচনের জন্য একটি ম্যান্ডেট তৈরিতে ও স্ব স্ব ক্ষমতা নিশ্চিতে বেশি আগ্রহী। এর চেয়েও বেশি আগ্রহী সম্পদ তৈরিতে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাকিস্তানের রাজনীতিবিদদের সর্বশেষ সম্পদ ও বিলাসবহুল জীবনধারা কিছু অংশ ধারণা করা যেতে পারে। তরুণ রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং একজন বিলিয়নেয়ার। তার বাবা এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির প্রায় ৭৫৮.৬৬ মিলিয়ন পাকিস্তানি রুপি (২৩ মিলিয়ন ডলার) মূল্যের সম্পদ রয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের কাছে ৮৪৫ মিলিয়ন রুপি রয়েছে। তিনি একজন বড় শিল্পপতি। তিনি গত তিন বছরে বিদেশ ভ্রমণে প্রায় ৬.৪ মিলিয়ন রুপি ব্যয় করেছেন।

উইকিপিডিয়ার এক হিসাবে দেখা গেছে, ইমরান খান পাকিস্তানের সেরা ধনীদের তালিকায় ৩৩ নম্বরে অবস্থান করছেন। এখানেও তার সম্পদের পরিমাণ ১৪০ কোটি রুপি দেখানো হলেও বাস্তবে তা আরও অনেক অনেক বেশি। এই তালিকায় তার চেয়ে ওপরে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার স্ত্রী আয়েশা আমজাদের সম্পদ ২০১৬ সালে শূন্য থেকে ৬ বছরে বেড়ে ২.২ বিলিয়ন রুপি (ঘোষিত এবং পরিচিত) হয়েছে। এই টাকার মধ্যে তার স্বামীকে সেনাবাহিনীর দেওয়া আবাসিক প্লট, বাণিজ্যিক প্লট এবং বাড়ি অন্তর্ভুক্ত করা হয়নি। জেনারেল বাজওয়ারের পরিচিত সম্পদ এবং ব্যবসার বর্তমান বাজারমূল্য ১২.৭ বিলিয়ন রুপি।

সারাদেশে লাখ লাখ মানুষের দুঃখ এবং ট্র্যাজেডির দিকে খুব কম মনোযোগ দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে সুশীল সমাজ এতটাই উদাসীন যে খুব কমই কোনো সংবাদপত্র বা মিডিয়া চ্যানেল জনগণের একটি বড় অংশের দুর্দশার কথা তুলে ধরেছে। উপজাতীয় এলাকা, অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের মতো বিস্তীর্ণ অঞ্চল থেকে এই ধরনের পরিস্থিতি সম্পর্কে খুব কম তথ্য থাকায় পরিস্থিতি আরও গুরুতর হওয়ার সম্ভাবনা বেশি।