স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘদিন নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আবারও খেলায় ফিরেছেন দেশসেরা এ আরচার। দুর্দান্ত প্রত্যাবর্তনই হয়েছে তার। পাঁচ বছর পর আবারও জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন তিনি। গতকাল টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত রিকার্ভ এককের ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের প্রিয় ইভেন্ট রিকার্ভ এককে টানা চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এর পর এই প্রথম আবারও স্বর্ণপদক জিতলেন এ আরচার। স্বর্ণপদক জয় করে খুশি রোমান সানা বলেন, ‘ফেডারেশন থেকে যখন ক্যাম্পের বাইরে ছিলাম, তখন আনসার আমাকে অনেক সাহায্য করেছে। ফিরে আসার জন্য তারা সব চেষ্টাই করেছে।’











































