Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

41

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আজ রবিবার মোংলা বন্দরে ভিড়বে ‘বসুন্ধরা ইমপ্রেস’
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আজ রবিবার মোংলা বন্দরে ভিড়বে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। ৩২হাজার ১শ ২১মেট্টিক টন কয়লা নিয়ে গত ৩১মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এ জাহাজটি। রবিবার বিকেল ৫টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে কয়লাবাহী এ জাহাজটি। এরপর বিকেল ৬টায় কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট। এর আগে এমাসের ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়।
দেশীয় এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ৩১মে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২হাজার ১২১মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম, ভি বসুন্ধরা ইমপ্রেস। কয়লাবাহী এ জাহাজটি কাল রবিবার বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে। ভিড়ার ঘন্টাখানেক পর ৬টার দিকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। জাহাজ হতে খালাসকৃত কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার-নৌযান) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লা পরিবহণের লাইটারেজ ভিড়ার পর জেটির নিজস্ব গ্রাপ্স (কামড়ীকল) দিয়ে কয়লা উত্তোলন করে কেন্দ্রের স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে মজুদ/সংরক্ষণ করা হবে গোডাউনে/সেডে।

তিনি আরো জানান, এর আগে গত ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে ছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম, ভি জে হ্যায়। এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০হাজার মেট্টিক টন ও ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০হাজার ৫শ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দরে।

বর্ণিল আয়োজনে রথযাত্রা উৎসব
ভক্তবৃন্দের আগমনে মুখরিত আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণ
খবর বিজ্ঞপ্তি
জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ইশ্বর, তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর’’ ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উৎসবমুখর পরিবেশে মহা-ধুমধাম’ভাবে চলমান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, আজ ৫ম দিন, খুলনা এর ভক্তপ্রবর শ্যামসুন্দর গোস্মামীর পরিবেশনায় ভাগবত প্রবচন আর ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতায়, আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষে হাজারো ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেবাশিষ কর্মকার, নিতাই বিশ্বাস, খোকন কুমার দাস, প্রবির পাল, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, কিংকর সাহা, অসিম পাল, সঞ্জয় দেবনাথ, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, প্রভাত দে, উজ্জল, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দার’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ। আর্য ধর্মসভা মন্দিরে উৎসবের ৯ দিন ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু।

স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সেলিমা রহমান
জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেশের মানুষের মনে সাহস জাগিয়েছিল
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আর্বিভাব হয়েছিল হঠাৎ করেই ১৯৭১ সালে। তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপরপ্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির কেন্দ্রীয় আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার (২৪ জুন) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব ব্যাঙ্কুয়েট হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি আয়োজিত এবং খুলনা মহানগর ও জেলা জাতীয়তাবাধী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস;র সহযোগিতায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধর উল্লেখ করে তিনি আরো বলেন, বিনাভোটের সরকার সঠিক ইতিহাস বিকৃত করেছে। তারা দেশের ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলার যড়যন্ত্র করছে বলেই বিএনপি শহীদ জিয়ার অবদানের কথা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপি এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে। শিশু একাডেমি ও নতুন কুড়ি প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশ ঘটিয়ে ছিলেন। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধবংস হয়ে গেছে, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, মানুষের মূল্যবোধ শেষ হয়ে গেছে। পুরো দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল কর্মময় জীবনী আগামীর প্রজন্মের কাছে পৌছে দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শহীদ জিয়া আধুনিক বাংলাদেশের রূপকার। যিনি সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক এবং বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আজ তার অবদান মুছে ফেলতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং তারেক রহমানকেও দূরে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু সেসব সম্ভব হবে না। তারা রয়েছেন দেশের মানুষের হৃদয়ে। কেননা শহীদ জিয়া দেশের উন্নয়নের জন্য যা করেছেন তা কখনো জাতি ভুলবে না। বর্তমান সরকারের জনপ্রিয়তা ও জবাবদিহিতা নেই। কারণ তারা বিনাভোটের সরকার। তারা সংসদ থেকে বের না হলে জনগণ তাদেরকে বের করে আনবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি খুলনা বিভাগীয় আহবায়ক ফরিদা ইয়াসমিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি খুলনা বিভাগীয় সদস্য সচিব রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান,খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইসা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে. এম. হুমায়ূন কবির, হাফিজুর রহমান মনি, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, এহতেশামুল হক শাওন, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মো. আলী বাবু, তারিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, গাজী আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন , শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস , আজিজা খানম এলিজা, সরদার শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন, মো. আব্দুল ওহাব, আসাদুজ্জামান আসাদ, কাজী কামরুল ইসলাম বাবু, মো. শহীদ খান,মতলুবুর রহমান মিতুল মোড়ল, যুবদলের নেহিবুল হাসান নেইম, সাইফুল ইসলাম সান্ট, আব্দুল আজিজ সুমন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইস লাম শাহিন, মুন্তাসির আল মামুন, খায়রুজ্জামান সজিব, কৃষকদলের শেখ আদনান ইসলাম দীপ। অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

দেবহাটায় বীমার টাকা না দিয়ে বীরমুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানি!
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় মৃত্যুকালীন বীমার টাকা না দিয়ে বীরমুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভূক্তভোগী বীরমুক্তিযোদ্ধা সহ পরিবারের সদস্যরা টাকা ফেতর পেতে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
উপজেলা নাজিরেরঘের গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধার মমিন উদ্দিন জানান, আমার সেনাবাহিনী গেজেট নং-১১০২০। গত ২০১৮ সালের মার্চ মাসের ২৮ তারিখে আমার স্ত্রী ছালেহা বেগম ডেলটা লাইফ ইন্স্যুরেন্স (পারুলিয়া শাখা) কোম্পানীতে একটি ৮ বছর মেয়াদী বীমা পলিসি খোলেন। যার বীমা পলিসি নং-৩০০০০০২১৬৩৭৪। এ বাৎসরিক এক হাজার আটশত পঁচাত্তর টাকা প্রদান করে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্য বশতঃ ২০২২ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার স্ত্রীর মৃত্যু হয়। তার মৃত্যুর ২ মাসের মধ্যে মৃত্যু সনদপত্র, ডাক্তারী সনদপত্র, বীমার বই ও কিস্তির রশিদ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পারুলিয়া শাখার ম্যানেজার জগদীশ চন্দ্র মন্ডল এর নিকট জমা দেই। বীমার চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের পূর্র্বে স্বাভাবিক কারনে গ্রাহকের মৃত্যু হলে পুরো টাকা সহ পাওয়ার কথা থাকলেও বীমা কর্তৃপক্ষ আমাকে কোন টাকা প্রদান করেনি। এমনকি পুরো টাকা তো দুরে থাক ৪ বছরের কিস্তির জমা টাকাও এখন পাব কি না তার কোন নিশ্চয়তা নেই। বীমা অফিসে গেলে দীর্ঘদিন টালবাহানা করে আসছে। বর্তমানে বীমার টাকা ও সংযুক্ত কাগজপত্র উল্লেখিত ম্যানেজার গোপন করে দিয়েছে। আমি অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ ম্যানেজার এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।

 

জেলা প্রশাসকের মায়ের মৃত্যুতে AvÕলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াছির আরেফীন এর মা হোসনে আরা খানমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগসভাপতি ও সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

দিশা সমাজ কল্যাণ সংস্থার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম
প্রকল্পের অর্থ ছাড়ের পরেও শিক্ষকদের ছয় মাসের বেতন দেওয়া হয়নি
স্টাফ রিপোর্টার
দিশা সমাজ কল্যাণ সংস্থা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মেয়াদ শেষে সমুদয় অর্থ ছাড় হলেও নিয়োগকৃত শিক্ষকদের ছয় মাসের বেতন দেওয়া হয়নি। সরকার নির্ধারিত হারে উপবৃত্তি ও ঘর ভাড়া দেওয়া হয়নি।
গোটা দেশের ঝরে পড়া শিশু কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় সেকেন্ড চান্স এডুকেশন (সাব-কম্পোনেন্ট ২.৫’ আউট অব স্কুল চিল্ড্রেন-(ওওএসসি) প্রোগ্রাম, পিইডিপি-৪) কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচি বাস্ত বায়নের জন্য প্রত্যেক জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়। মন্ত্রণালয় নির্ধারিত এনজিও এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এনজিওগুলোর আবেদনের প্রেক্ষিতে যশোরে কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ৭টি এনজিওকে প্রাথমিকভাবে শর্টলিস্ট তালিকায় রাখা হয়। সাতটির মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল দিশা সমাজ কল্যাণ সংস্থার নাম। তবুও কর্মসূচী বাস্তবায়নের দায়িত্ব পায় তারা।
যশোর জেলার জন্য ২০২০ সালে স্থানীয় এন.জি.ও দিশা সমাজ কল্যান সংস্থার সাথে চুক্তি হয়। কিন্তু করোনা মহামারির কারনে তা স্থগিত করা হয়।
গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে এক পরিপত্রের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে শিখন কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক ওই বছরের ডিসেম্বর থেকে কার্যক্রম চালু করা হয়। যা চলতি মাসের ৩০ জুন ২০২৩ সালে শেষ হবে।
ওই চিঠিতে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি বলা হয়েছে, ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন এজেন্সি (আইভিএ) কর্তৃক শিক্ষার্থীর যথার্থতা, শিক্ষক, সিএমসি সদস্য, শিখন কেন্দ্র ও শিক্ষা উপকরণ যাচাই করা হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ন ও যাচাই করে তা দাখিলের পর অর্থ ছাড় হবে।
অভয়নগর উপজেলা ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন এজেন্সি (আইভিএ) এর সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন,‘ইউএনও স্যার আমাকে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলেছিলেন। সেই মোতাবেক আমি তদন্ত করে রিপোর্র্ট দিয়েছি। এর বাইরে আপনকে কিছু বলবোনা। আপনি ইউএনও স্যারের কাছ থেকে জেনে নিন।’
খোঁজ নিয়ে জানা গেছে এ উপজেলায় ৭০টি শিখন কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে শিক্ষক দিনে তিন ঘন্টা সময় ব্যাপী পাঠদান করেন। প্রত্যেক শিক্ষকে মাসিক ৫ হাজার টাকা হারে বেতন দেওয়া হয়। চলতি মাস ধরে শিক্ষকদের ১৮ মাসের বেতন পাওনা হয়। কিন্তু তাদের বেতন দেওয়া হয়েছে ১২ মাসের। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখনো দেওয়া হয়নি। শিখন কেন্দ্র ভাড়া ভ্যাট বাদে ১২শ টাকা নির্ধারিত। কিন্তু কেন্দ্র ভাড়া দেওয়ার হয়েছে ৫শ থেকে ৭শ টাকা।
নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন কেন্দ্র শিক্ষক বলেন, আমরা ১২ মাসের বেতন পেয়েছি। ঘর ভাড়া দেওয় হয়েছে ৫শ থেকে ৭শ টাকা। এছাড়া শিক্ষার্থীরা কোন উপবৃত্তি পায়নি।
সংস্থার অভয়নগর উপজেলা শাখার ব্যবস্থাপক সঞ্জয় বিশ^াস বলেন, আমরা শিক্ষকদের ১৫ মাসের বেতন দিয়েছি। উপবৃত্তির টাকা এখনো দেওয়া হয়নি। কেন্দ্র ভাড়া স্থান ভেদে ৭শ থেকে বিভিন্ন হারে দেওয়া হয়েছে।
এ ব্যপারে দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা খাতুন বলেন, ‘আমি সব কিছু নিয়ম মাফিক করেছি। এর বাইরে আপনাকে কোন তথ্য দেবো না।’

ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া প্রেসক্লাবে এক সাধারণ সভা গতকাল শনিবার সকালে ক্লাব ভবনের অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কার্য-নির্বাহী সদস্য এম এ এরশাদ, সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, বাবুল আক্তার, আতিয়ার রহমান বদিয়ার, হাবিবুর রহমান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রায়ত সাংবাদিক উদয় চক্রবর্ত্তী, সাংবাদিক আশরাফুল আলমের মাতা, ও মরহুম খান আজিজুর রহমান ও ফিরোজ খানসহ সকলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রায়ত সাংবাদিক উদয় চক্রবর্তী’র মৃত্যু জনিত কারণে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদটি শুন্য হয়। সভায় সর্ব-সন্মতিক্রমে সিনিয়র সাংবাদিক সাব্বির খান ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা সহ নতুন সদস্য নবায়ন, অবকাঠানোগত উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

মহেশপুরে দুস্থ-অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার দুস্থ-অসহায় মানুষের মাঝে নিজের ঐচ্ছিক তহবিলেন ১লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ প্রমুখ।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল জানান, প্রতি বারই আমার ঐচ্ছিক তহবিলের যে টাকাটা আসে আমি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একেবারেই দুস্ত-অসহায় মানুষ খুজে আমি তাদেরকে আমার এ তহবিলেন টাকাটা আমি চেকের মাধ্যমে প্রদান করে আসছি। তিনি আরো বলেন, দুস্ত-অসহায় মানুষকে যে আমি কিছু দিতে পেরেছি এতে করে আমার নিজের কাছেও একটু হলেও ভালো লাগে।

বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (ইউএসআই) এর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অংশীজনের সভা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের গুরুত্ব রয়েছে। থাইরয়েড হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আয়োডিনের অভাবে মানবদেহে থাইরয়েড হরমোনের কার্যক্রম বিঘ্নিত হয়। স্থান, কাল ও পাত্র ভেদে সকল শ্রেণির মানুষ প্রতিদিন নিদিষ্ট পরিমান লবণ গ্রহণ করে। তাই লবণে আয়োডিনযুক্ত করা হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে আয়োডিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন চেয়ারম্যান।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেনারেল ম্যানেজার অখিল রঞ্জন তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর প্রজেক্ট ম্যানেজার আবুল বাশার চৌধুরী। গেইনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জাননো হয়, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে লবণ উৎপাদন হয় ২২লাখ ৩২ হাজার আটশত ৯০ মেট্রিকটন, যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন।

সভায় খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লবণ উৎপাদনকারী, লবণ ব্যবসায়ী, লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সাতক্ষীরায় যত্র-তত্রভাবে অবৈধ বেকারী স্বাস্থ্য ঝুঁকিতে জেলার মানুষ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ জরুরী
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় যত্র-তত্রভাবে শতাধিক অবৈধ বেকারী স্বাস্থ্য ঝুঁকিতে জেলার ৭ উপজেলার মানুষ। এসব বেকারীর নেই কোন কতৃপক্ষের অনুমোদন।অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা নানা খাদ্যদ্রব্য বাজারজাত করনে প্রতিযোগিতায় নেমেছে মালিকরা! ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ জেলার মানুষ। সরেজমিনে দেখা যায়, শনিবার (২৪ই জুলাই)সকাল ১১টায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইমরান বেকারীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করছে নানা রকমের বেকারী খাদ্য। এ বেকারীতে নেই কোন বিএসটিআই অনুমোদন। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে মালিকপক্ষ। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজরদারীর অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, ক্রিমরোলসহ নানা ধরনের খাদ্য তৈরি করছে ইমরান বেকারীর কারিগররা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ভোক্তারা । এই বেকারীতে দেখা মিলিছে শিশু শ্রমিক। অন্যদিকে বেকারীতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য পাত্রে ভিজিয়ে রেখেছে! বিস্কুটের উপরে মাছি পড়ছে! এ ছাড়াও বেকারীতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ। বেকারীর পূর্বপাশে পুকুরে দুর্গন্ধযুক্ত পরিবেশে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এই বেকারীর খাবার আমাদের এলাকায় কেউ না কেউ খায়, পুকুরে মাগুর চাষ উপরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর মালামাল তৈরি করে। এদের রুখতে সাতক্ষীরা জেলা প্রশাসকের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করছি। ইমরান বেকারীর মালিক ইব্রাহিম সরদার বাবু সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আপনার সাথে আগামীকাল দেখা করে কথা বলবো।একই চিত্র দেখা গেছে, অধিকাংশই বেকারীতে নেই কোন বৈধ সনদ। জেলা ব্যাপী ইউপি চেয়ারম্যানের অনুমতি পত্র (ট্রেড লাইসেন্স) এবং সেনেটারী ইন্সপেক্টর এর প্রত্যয়ন নিয়ে নামে বে নামে গড়ে উঠেছে অবৈধ বেকারী। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি দেখছি।

রামপালে সন্ত্রাসীদের কোপে ব্যাবসায়ী আহত টাকা লুট

রামপাল বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বিধান সাহা (৬৫) নামের এক বেকারি ফ্যাক্টরির মালিককে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত বিধান সাহাকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ওই সময় সন্ত্রাসীরা নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পু্লশি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেনি। জানা গেছে, শুক্রবার (২৩ জুন) রাত সোয়া ১০ টায় পেড়িখালী বাজারের বেকারি ফ্যাক্টরির মালিক বিধান সাহা প্রতিদিনের মত বেচাকেনা করে ফ্যাক্টরি বন্ধ করে উপরের দোতলার বাসায় উঠছিলেন। ওই সময় হটাৎ করে দূর্বৃত্তরা হত্যার উদ্যেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বিধান সাহা দোকানের মেঝেতে পড়েগেলে সন্ত্রাসীরা তার পকেটে ও ক্যাশ বাক্সে থাকা টাকাপয়সা লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমরা খতিয়ে দেখছি, কেন বা কারা এ ঘটনা ঘটিয়েছে ? লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

দামুড়হুদার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত, অর্থ বানিজ্যের কানাঘুষা

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি নব সৃষ্ট পদের ৩টি পদে নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে।
ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আ,লীগনেতা মনিরুজ্জামান মনি বিশ্বাসের বিরুদ্ধে।
সূত্র জানায় দামুড়হুদার কার্পাসডাঙ্গার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৬ জুন হওয়ার আগেই ফাস হয়ে গেছে কে কোন পদে নিয়োগ পাচ্ছে। কম্পিউটার ল্যাব অপারেটর,পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে মোটা অংকের অর্থ বানিজ্যের অভিযোগ করেছেন বৈধ পদের প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী ও স্কুল সংশ্লিষ্ট কয়েকজন জানান, এই নিয়োগে ডিজির প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জনপ্রতি ৯০ হাজার টাকা উৎকোচ সভাপতি দিয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গিয়েছে । মোট ৩৮ লক্ষ টাকার অর্থ বানিজ্য হয়েছে বলে তারা জানান। বিষয়টি নিয়ে এলাকায় বেশ জোর গুঞ্জনও চলছে । গত ৯ জানুয়ারী জাতীয় ও স্হানীয় পত্রিকায় কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশে চারটি ( কম্পিউটার ল্যাব অপারেটর, আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী) পদে আবেদন করার জন্য বলা হয়। এতে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৮ জন বৈধ প্রার্থীগন হলেন মো: মহব্বত আলী, মো: শফিকুল ইসলাম, মো: মাসুদ রানা,মো: সুজাত আলী, মোছা: কানিজ মাহফুজা, মো: আশরাফুল হক,নাহিদ বিন শফিক,মোছা: ফারিহা ফারজানা। এই পদে ১৪ লাখ টাকার বিনিমযে শফিকুল ইসলাম কে নিয়োগ দেয়া হবে বলে জানা গিয়েছে । পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন প্রার্থীরা হলেন ওয়াহেদুর রহমান, মো: রাইয়ান, আব্দুর রহমান, মো: সজল আহম্মদ, মোছা: রোকেয়া খাতুন প্রমুখ। এ পদের ওয়াহেদুর রহমানের কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়া হয়েছে। আয়া পদে ৫ জন বৈধ প্রার্থীরা হলেন মোছা: জেরিন খাতুন, মোছা:স্বপ্না খাতুন,মোছা: সোনালী খাতুন,মোছা: শামীমা খাতুন,মোছা: রেবেকা খাতুন । এ পদে মোছা: স্বপ্না খাতুনের নিকট থেকে ১২ লাখ নেয়া হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। ২৬ জুন সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ভিজে স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে নিরাপত্তা কর্মী পদে পরীক্ষা স্হগিত হওয়ায় হক সাহেব নামে এক প্রার্থী সভাপতি ও প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেছে। অভিযোগে তিনি জানান নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র না পাওয়া পর্যন্ত আংশিক নিয়োগ পরীক্ষা স্হগিত করা হোক। নাম প্রকাশে অনিইচ্ছুক এক প্রার্থী জানান মেধা থেকে কি হবে, টাকার কাছে গিয়ে হেরে যাচ্ছি। আয়া পদে এক প্রার্থী জানান প্রবেশ পত্র হাতে পেয়েছি, গিয়ে কি হবে, কি হবে তা কগেই জেনেছি। স্কুলের সভাপতি সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বিশ্বাস আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,পরীক্ষার মাধ্যমে যাচাই করে প্রার্থী নিয়োগ দেয়া হবে। কোন অর্থ বানিজ্যর প্রশ্নই আসে না। তবে যারা নিয়োগ পাবেন স্কুলের স্বার্থে তাদেরকে কিছু অনুদান দিতে হবে । কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক জানান, তিনটি বৈধ পদে প্রার্থীদের নিকট প্রবেশ পত্র প্রেরণ করেছি। ২৬ জুন বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থ বানিজ্যে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, এখন পর্যন্ত নিয়োগ বানিজ্যের বিষয়ে কোন অভিযোগ পাইনি, পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।তবে ৩ জনের নাম উল্লেখ করে তাদের নিয়োগ চুড়ান্ত কিনা প্রশ্ন করলে তিনি বলেন ওসব ভূয়া তথ্য। ২৬ জুন সোমবার জানতে পারবেন চাকুরি মেধাবীরাই পাবে।

 

 

দামুড়হুদা সীমান্তে ১কেজি স্বর্ণসহ আটক১
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার সুলতানপুর সীমান্তে বিজিবি প্রায় ১ কেজি স্বর্ণের বার সহ ১ জনকে আটক করেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানায়, শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝাডাঙ্গা সীমান্তের ৭৮/৬ পিলার হতে আনুমানিক ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাঁকা রাস্তার পাশ্বে অবস্থান নেয়।এসময় একই এলাকার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে তরিকুল পায়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কর।েবিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করে আটক করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ১১টি স্বর্ণের বার যার ওজন ৮১৬ গ্রাম আনুমানিক মুল্য ৭০ লাখ টাকা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।আটককৃত তরিকুলকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।উদ্দাম কৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

কুরবানির ঈদকে সামনে রেখে দাকোপে মসল্লার বাজারে আগুন, ক্রেতারা বিপাকে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে কুরবানির ঈদকে সামনে রেখে মসল্লার বাজারে আগুন, ক্রেতারা বিপাকে। স্বল্প আয়ের মানুষের জীবন বাঁচানো কষ্ট সাধ্য হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষের হাতের নাগালের বাহিরে আদা ৪০০শত টাকা কেজি, জিরা ৯০০শত টাকা কেজি, দারচিনি ৪২০শতবিশ টাকা কেজি ,এলাচ ১৪শত টাকা কেজি,সাদাফল ২০০০টাকা কেজি,কালোফল১০০০ টাকা কেজি , গোলমরিচ ১০০০টাকা কেজি , কালা জিরা ৪০০শত কেজি ,ডেলের মসল্লা জাহিরী৪০০ শত টাকা কেজি ,ঝালের গুরা৫০০শত টাকা কেজি ,হলুদ ২০০শত টাকা কেজি সয়াবিন তৈল১৯০ টাকা কেজি পিয়াজ ৮০ টাকা কেজি, কাচা ঝাল ২০০ টাকা কেজি। পাশাপাশি মাছ মাংস দুধ ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের যেন বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে। অনেকে হাটে এসে মসল্লা বাজার না করেই খালি ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কেউ বাধ্য হয়ে বেশি দামেই বাজার করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন। গতকাল শনিবার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া বাজারে গিয়ে দেখা যায়, মসল্লা বাজারে মসল্লার দাম শুনতেই নাভিশ্বাস নিচ্ছে ক্রেতারা। অন্যদিকে রুইমাছ ২৪০টাকা কেজি, কাতলামাছ ২৫০টাকা কেজি, সিলভার মাছ ২০০টাকা কেজি, টেংরা মাছ ৬০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। ফলে সবকিছুর দাম ঊর্ধ্বগতির জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে। হাটে বাজার করতে আসা নিম্ন আয়ের মানুষ সোহাগ হাওলাদার জানান, তিনি বাজার করতে এসে মসল্লার দাম শুনে হতাশ হয়ে ফেরত গিয়েছেন। তিনি বলেন আমি সারাদিনে কাজ করে পারিশ্রমিক পায় মাত্র ৩ শত থেকে ৪ শত পঞ্চাশ টাকা, তিনি বলেন। আমরা গরীব মানুষ এতো টাকা দিয়ে কিভাবে মসল্লা কিনে খাব চরম হতাশা হয়ে পড়েন তিনি।
হাটে বাজার করতে আসা মাসুদ আলী নামের আরেকজন ব্যক্তি বলেন, মাছের বাজারে গিয়ে হাঁপ কেজি ওজনের একটি মাছ কিনেছি ১৩০ টাকা দিয়ে কিন্তু মসলার দোকানে গিয়ে এযেন আমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে কি ভাবে মসল্লা কিনে এতো দাম বৃদ্ধি হয়েছে।
যেভাবে দিন দিন মসল্লার দাম বাড়ছে তাতে মানুষের দশদায় হয়ে পড়েছে।
পোদ্দারগঞ্জ বাজার দোকানদার শ্রী অনিল সাহা বলেন,পাইকারি বাজারে মসল্লার দাম বেশি হওয়ায় তারা বেশি দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি। এতে আমাদের কোন হাত নাই যেমন কিনতে হচ্ছে তেমন বিক্রয় করি।

 

সভাপতি-সম্পাদকের আলাদা কর্মসূচি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ পৃথক কর্মসূচি উদযাপন করেছেন। শুক্রবার পুলিশের কঠোর নিরাপত্তায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভন্ন কর্মসূচি পালন করা হয়।
আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে উপজেলা আওয়ামী লীগে এই বিভক্তি বলে দাবি করেছেন স্থানীয়রা।

দলীয় নেতাকর্মীরা জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুণের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে হলবাজার, গণমোড়, থানামোড় প্রদক্ষিণ করে স্টেশনবাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে কেক কাটা শেষে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা সোয়া ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাদ্যগুদাম এলাকা থেকে বের হয়ে স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়।

এ সময় কেক কাটেন দলীয় নেতাকর্মী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সভাপতি আব্দুল মান্নান খান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জীবন হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ অভিযোগ করেন, সভাপতি দীর্ঘদিন ধরে কিছু বিতর্কিত ব্যক্তি ও বিরোধীদলীয় নেতাকর্মী নিয়ে দলীয় অনুষ্ঠান করছেন। সভাপতি তাঁকে দাওয়াত দেন না। সে জন্য তিনিও যান না। তিনি বলেন, সভাপতির একাকী অনুষ্ঠানের কারণে তিনি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হন। সে কারণে সভাপতি থেকে তিনি দূরে থাকার চেষ্টা করেন। কোন্দলের বিষয়টি তিনি এড়িয়ে যান।

বিষয়টি স্বীকার করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান খান বলেন, সাধারণ সম্পাদক কিছু বিরোধীদলীয় লোক নিয়ে এমপির সঙ্গে দল করেন। সে জন্য তিনি সম্পাদককে অনুষ্ঠানে ডাকেন না।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহজারুল ইসলাম সুমন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক; দলের মধ্যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। নেত্রী সব সময় বলেছেন দলকে সুসংগঠিত করার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করতে। নির্বাচন সামনে রেখে এ ধরনের কাজ সংগঠনবিরোধী। বিষয়টি নিয়ে জেলা সভায় কথা বলবেন তিনি।

পদ্মা সেতু দিয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে আগামী বছর: রেল সচিব
যশোর অফিস।।
রেল সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, পদ্মা সেতু দিয়ে আগামী বছরের মধ্যে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এতে সব শ্রেণির যাত্রীরা ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

শুক্রবার বেনাপোল রেলস্টেশন পরিদর্শনকালে রেল সচিব আরও বলেন, রেলে দিন দিন বাণিজ্য ও ভ্রমণে আগ্রহ বাড়ছে মানুষের। এতে বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে বেনাপোল রেলস্টেশনে যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারেন সেজন্য নজরদারিও বাড়ানো হবে।

বেনাপোল রেলস্টেশন পরিদর্শনকালে রেল সচিবের সঙ্গে ছিলেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম। সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে রেল পথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য ও যাত্রী পরিবহন হয়ে থাকে। এছাড়া অভ্যন্তরীণ রুটেও রেল চলছে। আগে রেলে শুধুমাত্র সার ও পাথর জাতীয় পণ্য আমদানি হলেও বর্তমানে সব ধরনের পণ্য আসছে রেল পথে। এতে সরকারের রাজস্বও বাড়ছে। তবে বেনাপোল রেলষ্টেশনে পণ্য খালাসের জন্য ইয়ার্ড না থাকায় এসমস্ত পণ্য রেল থেকে আনলোড করতে ভোগান্তি পেতে হয়। সড়কের বেহাল দশা থাকায় পণ্য খালাস ও ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে। ইতিপূর্বে কিছু উন্নয়ন হলেও তা প্রয়োজনের চাইতে অনেক কম। রেলসচিব বলেন, প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হবে এখানে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন জানান, রেল ক্ষাতকে সম্প্রসারণ করা হলে বর্তমানে যে পরিমাণ পণ্য আমদানি ও রাজস্ব আসছে তখন তার দ্বিগুণ আসবে।

 

গেমস দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ করেন তানভীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ৬ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি তানভীর হোসেন কাকনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর একই এলাকার নাস্তিপুর গ্রামের বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত বৃহস্পতিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে মোবাইলে গেমস দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করেন তানভীর। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামি তানভীরকে গ্রেফতারে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এর একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোরে ঝিনাইদহ থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হোসেন কাকন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্তি পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, সহকারী পুলিশ সুপার (দামুড়হদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

বেনাপোলে ইয়াবাসহ ২ নারী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।

আটক নারীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আবুল বাশারের স্ত্রী রেশমা খাতুন (৩৫) ও নজরুল ইসলামের স্ত্রী সুইটি (৩০)। তারা উভয়ই বেনাপোল থানা এলাকার বাসিন্দা।

শনিবার দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক লাবুর বসতবাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, এ বিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।

২০ টন ভুট্টা নিয়ে উধাও ট্রাকের চালক-হেলপার, ধরলো পুলিশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ২০ টন (৩৭২ বস্তা) ভুট্টাসহ দুই প্রতারককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৪ জুন) বিকেল ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. খাইরুল আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন সন্ধ্যায় কুষ্টিয়ার খাজানগর এলাকার ভুট্টা ব্যবসায়ী ইয়াকুব মন্ডল ২০ টন ভুট্টা খুলনার অপর এক ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের কাছে পাঠানোর জন্য কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর বাজার থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) লোড করেন। পরদিন ১৬ জুন ওই ট্রাকবোঝাই ভুট্টা খুলনায় জাহিদ এন্টারপ্রাইজে পৌঁছানোর কথা থাকলেও খোঁজ নিয়ে জানতে পারেন ভুট্টা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি। তিনি বার বার ট্রাকের চালক এবং হেলাপারকে ফোন করে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালানোর পরও খোয়া যাওয়া ২০ টন ভুট্টা এবং ট্রাকের চালক ও হেলপারের কোনো খোঁজ না পাওয়ায় ব্যবসায়ী ইয়াকুব মন্ডল গত ২৩ জুন কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় কুষ্টিয়ার জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুহাম্মদ আব্দুল আলীমকে। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ পর্যায়ক্রমে নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে নড়াইল জেলার নড়াগাতী থানার সুড়িগাতি গ্রামের একরাম মোল্লার ছেলে ওই ট্রাকের চালক বিল্লাল হোসেন (৩০) এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার বৈলতলী গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ট্রাকের হেলপার রাকিবুল ইসলামকে (৩০) আটক করতে সক্ষম হয়।

ওই ২০ টন ভুট্টার মধ্যে ৩৪ বস্তা ভুট্টা তারা ভাঙিয়ে গুঁড়া করে ফেলেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভাঙানো এই ভুট্টা বাগেরহাট সদর থানা এলাকা থেকে, ২০০ বস্তা ভুট্টা ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা এবং ১০০ বস্তা ভুট্টা পোলেরহাট এলাকা থেকে জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতার দুজন পেশাদার প্রতারক। প্রতারণার উদ্দেশ্যে তারা যে ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) ওই ভুট্টা লোড করেন সেই নম্বর প্লেটটিও ভুয়া ছিল। পুলিশ ট্রাকটি উদ্ধারসহ প্রতারক চক্রের সঙ্গে আরও যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকেও আটকের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চা দোকানির ঝাড়ুর আঘাতে প্রাণ গেলো ক্রেতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে চা পানের বকেয়া পরিশোধকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানির ঝাড়ুর আঘাতে আরজান মণ্ডল (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার টেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজান মণ্ডল পার্শ্ববর্তী রুদ্রপুর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকের বাজার এলাকায় স্থানীয় আবু তালেবের দোকান থেকে বৃহস্পতিবার ২২ জুন) বাকিতে চা পান করেন আরজান মণ্ডল। শুক্রবার সকালে পুনরায় বাকিতে চা চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ধাক্কাধাক্কির একপর্যায়ে দোকানি আবু তালেব তাকে ঝাড়ু দিয়ে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান আরজান মণ্ডল। তখন বাজারের অন্যরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানি দোকান পরিষ্কার করার ঝাড়ু দিয়ে আরজান মণ্ডলকে আঘাত করেছিলেন। তবে ময়নাতদন্ত শেষেই বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিরিন সুলতানা বলেন, মারামারির ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।