খুলনাঞ্চল ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলের তিন কংগ্রেসওম্যান দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। তারা হলেন, ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য রাশিদা তালিব, ইলহান ওমর ও আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ।
মঙ্গলবার (২০ জুন) মোদি যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক শহরে পৌঁছান এবং এ সফরে তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা রয়েছে।
ভাষণ বয়কট করার ঘোষণায় প্রতিনিধি পরিষদ সদস্যরা বলেছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি বাক-স্বাধীনতা খর্ব করেছেন এবং সাংবাদিকদের কর্ম তৎপরতা সংকুচিত করেছেন। এছাড়া, ধর্মীয় স্বাধীনতা নস্যাৎ করার রেকর্ডও মোদি সরকারের রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন>> ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভাণ্ডার, শঙ্কায় ন্যাটো
কংগ্রেসওম্যান ওকাসিও কর্তেজ বলেন, “কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়া যেকোনও আমন্ত্রিত অতিথির জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়। কিন্তু এমন কোনও ব্যক্তির জন্য আমরা এই সম্মান দেখাতে পারি না যার বিরুদ্ধে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বিশেষ করে ধারাবাহিকভাবে ধর্মীয় সংখ্যালঘু এবং নিম্ন বর্ণের সম্প্রদায়গুলোর ওপর নির্যাতন চালানোর রেকর্ড প্রকাশ করেছে পররাষ্ট্র দফতর।
সূত্র: ডেইলি মেইল











































