Home খেলাধুলা মেসি এখানে খেলে মজা পাবেন: বেল

মেসি এখানে খেলে মজা পাবেন: বেল

14

স্পোর্টস ডেস্ক।।

অনেক জল্পনা শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। যদিও পুরনো ক্লাব বার্সেলোনা অথবা সৌদি আরবের আল ইত্তহাদে আর্জেন্টাইন অধিনায়কের যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। এবার মেসিকে যুক্তরাষ্ট্রের লিগে খেলার সুবিধা-অসুবিধা সম্পর্কে জানালেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড গ্যারেথ বেল। খবর মিররের।

প্রতিবেদন থেকে জানা যায়, মেসি প্রতি বছর ইন্টার মায়ামিতে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করবেন। এছাড়া ক্লাবটির জার্সি স্পন্সর অ্যাডিডাস ও ব্রডকাস্ট অ্যাপল টিভির শেয়ারও পাবেন তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩টি শিরোপা জেতা মেসিকে এই লিগে স্বাগতম জানালেন বেল। এই ওয়েলস তারকা এক সময় লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। তিনি জানান, অন্য যেকোনো লিগ থেকে এমএলএস খেলা অনেক বেশি নির্ভার।

এক মৌসুম এমএলএসের দল লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলা বেল বিটি স্পোর্টকে বলেন, ‘এটা অনেক বেশি নির্ভারের জায়গা। আপনি যদি রিয়াল মাদ্রিদে হারেন, মনে হবে পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে। আপনাকে ক্রুশবিদ্ধ করা হবে। নিজেকে শেষ মনে হবে। আপনি ঘরে যাবেন, তবে শান্তি পাবেন না। তবে এখানে তারা হারকে বরণ করতে জানে। এখানে কোনো বাজে পরিণতি নেই। কেননা এই লিগে কোনো দল রেলিগেশনে পড়ে না। আপনি একটি ম্যাচ হারলে অন্য ম্যাচের দিকে তাকাবেন। এখানে তারা পরাজয় সহজেই মেনে নেয়।’

কাতার বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে বেল বলেন, ‘তারা এক ম্যাচ হারলেও অন্য ম্যাচ জয়ে দারুণ উদযাপন করে, মনে হবে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। সে (মেসি) নিশ্চিত এখানে খেলে মজা পাবে।’