Home আঞ্চলিক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা: কৃষকের জমি দখল, গাছ কাটার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা: কৃষকের জমি দখল, গাছ কাটার অভিযোগ

19

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এক কৃষকের জমি দখল নিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১২ জুন উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। কেটে ফেলা ১৬টি গাছ জব্দ করলেও এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে ভুক্তভোগী কৃষকের অভিযোগ।

জানা গেছে, উপজেলার উলা গ্রামের মৃত আকবালী মোল্লার ছেলে সোহরাব মোল্লার রাজনগর গ্রামে ৮৩ শতাংশ জমি রয়েছে। ওই জমির দলিল, নামজারি, খাজনা দাখিলা, দখলও তাঁর রয়েছে। এই জমিতে বনজ, ফলদসহ বিভিন্ন প্রকার গাছের বাগান করেছেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে একই এলাকার স্মৃতি রানী মণ্ডল ওই জমির মধ্যে কিছু অংশ তাঁর বলে দাবি করেন। এর পর বিভিন্ন সময়ে তিনি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কৃষক সোহরাব মোল্লাকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে মীমাংসা করতে ব্যর্থ হন সোহরাব। পরে ২০২০ সালের ২১ জুলাই জমি দখলে স্মৃতি রানী মণ্ডলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে খুলনার সিনিয়র সহকারী জজ প্রণব কুমার হুই-এর আদালতে একটি মামলা করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

কৃষক সোহরাব মোল্লা অভিযোগ করেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১২ জুন স্মৃতি রানীর পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, নৃপেন সরদার ও পলাশ মণ্ডলের সহযোগিতায় ১৫-২০ জনের একটি দল জমি দখল ও গাছ কাটতে শুরু করে। এ সময় তিনি জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। এর পর ডুমুরিয়া থানার এসআই প্রসেনজিৎ ব্যানার্জী ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ১৬টি গাছ জব্দ করেন।

স্মৃতি রানী মণ্ডল জানান, সোহরাবের জমির মধ্যে তাঁর জমি আছে। তাই ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি গাছ কেটেছেন। ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকাটির বিষয়ে তিনি কিছুই জানেন না।