Home আঞ্চলিক ৩০ বছর বিকাশ সরদার রুদ্ধ শিকলে

৩০ বছর বিকাশ সরদার রুদ্ধ শিকলে

19

কয়রা (খুলনা) প্রতিনিধি।।

১৯৯৩ সালে ষোল বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিকাশ সরদার (৪৬)। ইংরেজি পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় তিন মাস পর সিলেট থেকে উদ্ধার করা হয় তাঁকে। তখন থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করেন। কারও সঙ্গে কথা বলতেন না। কেউ কিছু জানতে চাইলে মারতে উদ্যত হতেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এক বছর পর অবস্থা খারাপ হলে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। কিন্তু টাকার অভাবে সেখানে চিকিৎসা শেষ করতে পারেননি তারা। সেই থেকেই শিকলবন্দি জীবনযাপন করছেন বিকাশ।

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হাজতখালী গ্রামের গৌরপদ সরদারের ছেলে বিকাশ। বাবা-মা মারা যাওয়ার পর প্রায় ১৪ বছর ধরে একমাত্র বোন রেখা বিকাশ সরদারের দেখাশোনায় আছেন তিনি। দরিদ্র ওই পরিবারটি মানসিক ভারসাম্যহীন মানুষটিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
মঙ্গলবার হাজতখালী গ্রামের দক্ষিণ পাশে বাঁধের ঢালে একটি বাবলা গাছের সঙ্গে শিকলবন্দি অবস্থায় দেখা যায় বিকাশকে। সেখানে একটি ত্রিপল টানিয়ে রাখা হয়েছে। তাঁর পাশে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে পানির পাত্র, থালা ও টিনের গ্লাস। কাছে এগিয়ে কথা বলতে চাইলে মাথা নত করে অস্পষ্ট স্বরে কী যেন বলতে চাইলেন। কিছুক্ষণ পর মাটি খুঁড়তে শুরু করলেন তিনি। বেড়িবাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা কেউ বিকাশের দিকে তাকিয়েও দেখছেন না। তবে পথচারীদের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকেন বিকাশ।

গ্রামবাসী জানান, প্রথম কয়েক বছর বাড়িতে রাখা হলেও এখন দিন-রাত একটি ত্রিপলের নিচে শিকলে বেঁধে রাখা হয় তাঁকে। ঝড়বৃষ্টি হলে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এভাবেই চলছে বিকাশের শিকলবন্দি জীবন।

তাঁর বোন রেখা সরদার জানান, শিকল খুলে দিলে মানুষকে বিরক্ত করে, ঘরে ঢুকে আসবাব ভাঙে। অনেক সময় এদিক-সেদিক চলে যায়। ভাইয়ের এমন অস্বাভাবিক অবস্থা সামাল দিতে দিতে তাঁরও বেসামাল অবস্থা এখন। বাধ্য হয়ে তাই ছোট ভাইয়ের পায়ে লোহার শিকল পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। তিনি বলেন, ‘১৪ বছর ধরে এভাবেই ভাইকে টানছি। আমরাও গরিব। যেটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভাইটাকে ডাক্তার-কবিরাজ দেখিয়েছি। টাকার অভাবে এখন ভালো ডাক্তারের কাছে তাঁকে নিতে পারছি না।’ তাঁর আশা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে বিকাশ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

রেখার স্বামী স্বপন সরকার বলেন, এলাকার ছোট ছেলেমেয়েরা বিকাশকে দেখলে ভয় পায়। ছেড়ে রাখলে এদিক-সেদিক চলে যায়। এ জন্যই তাঁকে বেঁধে রাখতে হয়।

ওই গ্রামের পরিমল মণ্ডল বলেন, পরিবারটির পক্ষেও বিকাশের চিকিৎসা করানো সম্ভব নয়। তবে উন্নত চিকিৎসা পেলে হয়তো তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

স্থানীয় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, বিকাশের বিষয়টি জানতে পেরেই তাঁকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া তাঁর উন্নত চিকিৎসার ব্যাপারে কী করা যায়, তা নিয়েও চিন্তা-ভাবনা করছেন।