কুষ্টিয়া প্রতিনিধি||
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংলী গ্রামের শামীম আহম্মেদ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে হতাশা নিয়ে দেশে ফিরে আসেন।
বাড়িতে ফিরেই মাঠে চাষাবাদ করার কথা ভাবেন শামীম। তিনি উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নেন উচ্চমূল্যের ফসল চাষের। কৃষি অফিসের সহযোগিতায় “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর ২০ শতক জমিতে প্রদর্শনী হিসাবে চাষ করেন বারোমাসি তরমুজের। মাত্র দুই মাসেই ঐ জমি থেকে তার ২ লাখ টাকার উপরে লাভ হয়েছে বলে জানান শামীম।
তার জমিতে ঘুরে দেখা যায়, ছোট ছোট মাঁচা। বাঁশের বাতার উপরে পলিথিনের জাল দিয়ে মাচায় ছাউনি দেওয়া। পুরো মাচাগুলো ভরে আছে সবুজ পাতায়। মাচার নিচে ঝুলছে হলুদ ও কালো রং এর বাহারি তরমুজ। তরমুজগুলো যাতে পড়ে না যায় এজন্য জাল দিয়ে বেঁধে দেওয়া। খুব কম সময়ে এই ফসলে অধিক লাভজনক হওয়ায় এলাকায় চাষিদের মধ্যেও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।
শামীম আহম্মেদ বলেন, আমি দীর্ঘ ৯ বছর ওমানে ছিলাম। দেশের বাইরের জীবনটা অনেক কষ্টের। তাই বাড়িতে ফিরে এসে ভাবলাম কৃষি কাজ করে উন্নতি করা যায় কিনা। পরামর্শ নিতে উপজেলা কৃষি অফিসে গেলে তারা উচ্চমূল্যের ফসল চাষের কথা জানায়। এরপর আমি মোবাইলে বিভিন্ন ফসলের আবাদ কিভাবে করে সেগুলো দেখি। একসময় এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আমাকে বলে গ্রীষ্মকালীন সময়ে তরমুজ চাষ বেশি লাভজনক। তারপর আমি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে চাষের প্রশিক্ষণ গ্রহণ করি। তারা আমাকে ২০ শতাংশ জমি প্রদর্শনী হিসাবে দেয়। তাদের সহযোগিতায় আমি এবার ইয়োলো গোল্ড (হলুদ) ও স্মার্ট বয় (কালো) জাতের তরমুজের চাষ করেছি।
তিনি বলেন, আমি প্রথমে এ তরমুজের বীজ সংগ্রহ করি। পরে যেহেতু এ চাষ এই এলাকায় নেই তাই নিজে নিজেই চাষ শুরু করি। এজন্য কৃষি অফিস থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিয়েছি। জমিতে কীটনাশকের পরিবর্তে আমি জৈব পদ্ধতি ব্যবহার করেছি। এজন্য আমি হলুদ ফাঁদ ব্যবহার করেছি। সেই সাথে আমি মালচিং ব্যবহার করায় সেচ ও শ্রমিক খরচ অনেক কম হয়েছে। ২০ শতক জমিতে মাত্র ১৩ হাজার টাকা খরচ করেছি।
তিনি আরো বলেন, আমার বাবাও আমাকে অনেক নিষেধ করেছেন করেছিলো যে এই এলাকায় তরমুজ হয় না। আর মাচায় তরমুজ হবে তারা কেউ আশাও করেনি। যখন ছোট ছোট তরমুজ ধরে আবার বাবা বাড়িতে গিয়ে বকাবকি শুরু করে যে, ছোট ছোট তরমুজের গুটিগুলো নষ্ট হয়ে হয়ে হলুদ হয়ে গেছে। এ হবে না গাছ কেটে ফেলতে হবে। তখন আমি তাকে বোঝাই যে এর রঙ-ই এমন হলুদ। বীজ রোপণের পরে মাত্র ৬৫-৭০ দিনের মাথায় আমি তরমুজ পেয়েছি। খুবই সুন্দর সুন্দর হলুদ, কালো তরমুজ। দেখতে বাঙ্গির মতো হলেও ভেতরটা তরমুজের মতো টকটকে লাল এবং মিষ্টি বেশি। অনেকেই আগ্রহ দেখাচ্ছে এ চাষে। আমি তাদের পরামর্শ দিচ্ছি।
তিনি বলেন, আমি মাত্র ১৩ হাজার টাকা খরচ করেছি সব মিলিয়ে। আমার এই জমিতে ইতিমধ্যে ২০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। এখনো গাছে ১২০০-১৫০০ মতো তরমুজ রয়েছে। যার এক একটির ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি গড়ে। স্থানীয় বাজারেই আমি চাহিদার মতো তরমুজ দিতে পারছি না। ৭০ টাকা কেজি হিসাবে ক্রেতারা মাঠ থেকেই তুলে নিয়ে যাচ্ছে। আশা করছি প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবো। মাত্র দুই মাসে এমন লাভ অন্য ফসলে কখনো হতো না।
কুমারখালী উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, বিদেশ থেকে ফিরে এসে এভাবে চাষ করে এত লাভ করে কৃষক শামীম আহম্মেদ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে তাকে তিন দিনের প্রশিক্ষণ ও প্রদর্শনী দিয়েছি।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাজ করছে। যশোর অঞ্চল কৃষিতে সমৃদ্ধ একটি অঞ্চল। কৃষিকে লাভজন ও বানিজ্যিক করার লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে আমরা উচ্চমূল্যের ফসল চাষে প্রশিক্ষণ, মাঠদিবস ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমরা তরমেুজের মতো উচ্চমূল্যের নিরাপদ বিভিন্ন সবজির ১৪ হাজার ৩শ ১০টি প্রদর্শনীর স্থাপন করবো। এতে কৃষকরা আরো আগ্রহী হবে।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, গ্রীষ্মকালীন তরমুজ চাষ কম সময়ে অধিক লাভজনক। অনেক বেকার ও শিক্ষিত যুবকরা আধুনিক বিভিন্ন উচ্চমূল্যের ফসল চাষ করে বেশ ভালবান হচ্ছেন।











































