Home আঞ্চলিক মোংলায় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মোংলায় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

28

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় কয়েকমাসের চলমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সেই সাথে রয়েছে অনাবৃষ্টিও। বৈশাখ মাসে হয়নি মোটেও বৃষ্টিপাত। এরপর জৈষ্ঠ্যের শেষ ভাগে দুই একদিন ছিটে ফোঁটা বৃষ্টি হলেও তাতে স্বস্তি আসেনি জনজীবনে। এদিকে বৃহস্পতিবার ১লা আষাঢ়ের ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যৎসামান্য বৃষ্টি হলেও তাতেও কমেনি গরম। বরং বেলা বাড়ার সাথে সাথে সূর্যের খরতাপ বেড়েছে। মেঘলা আকাশের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন জনজীবন। বুধবার মোংলায় তাপমাত্রা ছিলো ৩৮.৮ডিগ্রি সেলসিয়াস। আর এমন তাপপ্রবাহ অব্যাহত রয়েছে কয়েক মাস ধরেই। একাধারে তাপপ্রবাহ ও অন্যদিকে অনাবৃষ্টিতে প্রকৃতিতেও রুক্ষবস্থা বিরাজ করছে।

এছাড়া গরমে কষ্টের পাশাপাশি চরম ভোগান্তী বাড়িয়েছে বিদ্যুৎতের লোডশেডিং। বুধবার দিনে-রাতে তিনবার আর বৃহস্পতিবার সকালে ও দুপুরে দুইবার লোডশেডিং দেয়া হয়েছে। এতে গরমে যেমনি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা, তেমনি কলকারখানাসহ দোকানী এবং ব্যবসায়ীরা লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছেন।

পিডিবি’র মোংলার আবাসিক প্রকৌশলী এইচ,এম ফরহাদ হোসেন বলেন, জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে। তিনি বলেন, জ্বালানীর অভাবে বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়াতে বিদ্যুৎতের সংকটে লোডশেডিং চলছে। তিনি আরো বলেন, মোংলায় ৩২মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে ২৪মেগাওয়াট। ফলে দিনে ও রাতে মিলিয়ে কখনও আধা ঘন্টা, কখনও এক ঘন্টা, কখনও দুই ঘন্টা এভাবেই গড়ে প্রায় তিন ঘন্টার মত লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে মেঘ ও রোদ্রে ভ্যাপসা গরম পড়ছে। বৃষ্টিপাত হলে গরম কমে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে, যা অব্যাহত থাকবেও বলে জানান তিনি। তিনি আরো বলেন, খুলনা বিভাগের ২৫ভাগ এলাকার দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মোংলায় হালকা, মাঝারী ও ভারী বৃষ্টিপাতের তেমন একটা সম্ভবনা নেই বলেও জানান তিনি। তবে পশ্চিমা লঘুচাপের প্রভাবে মোংলা ও সাগর-সুন্দরবন উপকূলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাতেও সময় লাগতে পারে আরো কয়েকদিন বলে জানান তিনি।