Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গায় প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

24

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় নারী দিয়ে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গ্রেফতার তিন জনকে চুয়াডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আব্দুল আলিম ফটিকের ছেলে বিপুল (২৭), সুমুরদিয়া পাড়ার দরুদ হাসানের ছেলে রুহুল আমিন আশিক (২৫) ও হাসপাতাল পাড়ার মিজানুর রহমানের ছেলে রিমন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম ২৪ মে শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। ২৭ মে সকালে হোটেল রুমে অবস্থানকালে বিপুল, রুহুল আমিন আশিক ও রিমন মিলে দুই নারীকে সঙ্গে নিয়ে হোটেলে প্রবেশ করেন। দুই নারীকে নিয়ে ৬১১ নম্বর রুমের কাছে যায় প্রচারক চক্র। পরে ইভা নামের এক নারীকে রাকিবুল ইসলামের রুমে ঢুকিয়ে দেয়। এরপর প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন আশিক জোর করে ইভা খাতুনের সঙ্গে রাকিবুলের আপত্তিকর অবস্থায় রাখে। পরে রুহুল আমিন আশিক তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ ও ছবি তুলে রাখে।’

তিনি আরও বলেন, ‘প্রতারকরা রাকিবুলের কাছে ব্ল্যাকমেইল করে ৫ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মারপিট করে গুরুতর আহত করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন, চেকবই, মানিব্যাগ, একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চক্রটি। চলে যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি ও হুমকি দেয়।’

রাকিবুল ইসলাম এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার (১২ জুন) রাত থেকে মঙ্গলবার (১৩ জুন) ভোর পর্যন্ত সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল, রুহুল আমিন আশিক ও রিমনকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে তিন জনকে চুয়াডাঙ্গা আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।