Home আঞ্চলিক কেসিসি নির্বাচনে দুই কূলই হারালেন বিএনপির ৮ নেতা

কেসিসি নির্বাচনে দুই কূলই হারালেন বিএনপির ৮ নেতা

18

স্টাফ রিপোর্টার।।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে লড়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ৯ নেতা। এতে একদিকে তারা যেমন দল থেকে বহিষ্কৃত হয়েছেন; তেমনি অন্যদিকে একজন বাদে বাকিরা ঘরে তুলতে পারেননি নির্বাচনের ফসল।

চলমান সিটি নির্বাচনে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় প্রার্থী না দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও কঠোর নির্দেশনা ছিল, কেউ যাতে নির্বাচনে অংশ না নেয়।

কেসিসি নির্বাচনে ভোট হয় সোমবার (১২ জুন)। এতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়লেও জয়ী হতে পারেননি বিএনপির ৮ নেতা। এতে একূল-ওকূল – দুকূলই হারিয়েছেন তারা!

নির্বাচনে হেরে যাওয়া নেতারা হলেন:

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ সাজ্জাদ হোসেন ওরফে তোতন, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী ফজলুল কবির ওরফে টিটো ও খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর, দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলন প্রার্থী মুশফিকুস সালেহীন, ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের কাউন্সিলর আশফাকুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মাহবুব কায়সার এবং ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ।

শুধু সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সমবায়বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন জয় পেয়েছেন।

যদিও ফল প্রকাশের পর এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে মেয়র পদের ফল ঘোষণা করা হয়। এতে ২৮৯ কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের তালুকদার আবদুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখার মো. আবদুল আউয়াল ৬০ হাজার ৬৪, লাঙলের শফিকুল ইসলাম মধু ১৮ হাজার ৭৪, টেবিল ঘড়ির শফিকুর রহমান ১৭ হাজার ২১৮ এবং গোলাপ ফুলের সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

খুলনায় এবার সব কেন্দ্রে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নতুন পদ্ধতি হওয়ায় ভোট দিতে কিছুটা ভোগান্তির খবর পাওয়া গেলেও, মোটাদাগে ভালোভাবেই শেষ হয়েছে রূপসা পাড়ের শহরের নির্বাচন।

এ নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীসহ ১৮০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।