Home আঞ্চলিক সিটি কর্পোরেশন নির্বাচন: খুলনায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

সিটি কর্পোরেশন নির্বাচন: খুলনায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

34

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন সোমবার (১২ জুন)। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এ কারণে শনিবার মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে সব ধরনের নির্বাচনী প্রচারণা। ফলে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় জমজমাট খুলনা নগরী।
রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন বলেন, শনিবার মধ্যরাতের পর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার-প্রচারণা চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে সোমবার সকাল ৮টায়। ৩ হাজার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

কেসিসি নির্বাচনের মেয়র পদে ৫ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

সিটি কর্পোরেশনে ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুইজন বিজয়ী হয়েছেন। ২৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন।

এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।