Home আঞ্চলিক কেসিসি নির্বাচন: এক বৃষ্টিতেই সব পোস্টার শেষ

কেসিসি নির্বাচন: এক বৃষ্টিতেই সব পোস্টার শেষ

18

 

স্টাফ রিপোর্টার।।

কয়েক দিনের টানা দাবদাহের পর ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে খুলনায়। কিন্তু সেই স্বস্তি সর্বনাশ ডেকে এনেছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য। বৃষ্টিতে ভিজে দড়িতে ঝোলানো সব পোস্টারই ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে।

খুলনা সিটি করপোরেশনের ভোট আগামী সোমবার। তফসিল অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে কেউ প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না, নতুন করে লাগানো যাবে না পোস্টারও। ঠিক এর আগের দিন শুক্রবার বিকেলের বৃষ্টিতেই ছিঁড়ে পড়েছে সব পোস্টার।

সরেজমিনে নগরীর পুরোনো যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড ও টিবি বাউন্ডারি রোড ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পক্ষে দড়ি দিয়ে যে পোস্টার ঝোলানো হয়েছিল, তার সবই রাস্তায় পড়ে আছে। ওপরে ঝুলছে শুধু দড়ি। শুধু এই সড়কগুলোই নয়, নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে যত পোস্টার ছিল, সব ভিজে নিচে পড়ে গেছে।

২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের প্রার্থী ইমাম হাসান চৌধুরী ময়না জানান, তার সব পোস্টার বৃষ্টিতে ছিঁড়ে পড়ে গেছে। সব প্রার্থীরই পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। এখন নতুন করে আবার পোস্টার ছাপিয়ে ঝোলাতে হবে।

ইমাম হাসান বলেন, ‘পোস্টার তো টাঙাতেই হবে। তা না হলে ভোটার প্রতীক চিনবে কী করে? তবে এক দিনের মধ্যে এসব কী করে করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

নাম প্রকাশ না করার শর্তে একজন মেয়র প্রার্থী বলেন, বৃষ্টিতে তার প্রায় অর্ধলক্ষাধিক টাকার পোস্টার নষ্ট হয়ে গেছে। তিনি এরই মধ্যে প্রেসে আবার পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছেন। এর ফলে তার ব্যয় বেড়ে যাচ্ছে।

প্রার্থীদের সর্বনাশ হলেও লাভ হবে ছাপাখানাগুলোর। খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ বলেন, সব প্রার্থীরই সর্বনাশ হয়েছে। প্রার্থীদের পোস্টার ছিঁড়ে পড়ে গেছে। এখন অনেক প্রার্থীই আবার নতুন করে পোস্টার ছাপানোর জন্য অর্ডার দেবেন। কয়েকজন এরই মধ্যে যোগাযোগও করেছেন।