বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি সীমানা পিলারসহ সেলিম শিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বিষ-খালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম শিকদার ওরফে জিহির (৫২) চাঁদপুরের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফি শিকদারের ছেলে।
পুলিশ জানায়, সেলিম শিকদারের একটি বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দুটি লুকিয়ে রেখেছিলেন। পরে চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে দুটি পিলারসহ পুলিশের হাতে ধরিয়ে দেন। পিলার দুটিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।
জিজ্ঞাসাবাদে সেলিম পুলিশকে জানায়, পিলার দুটি সিমেন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এ পিলার দুটি বানাতে ১০ দিন সময় লেগেছে। এতে খরচ হয়েছে ৬ হাজার টাকা । কোনো পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার পাঁচজন মিলে এ ব্যবসা করছেন বলেও সেলিম জানান।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সাদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি।











































