স্পোর্টস ডেস্ক।।
আমেরিকান টেনিস খেলোয়াড় কোকো গফের ওপর আধিপত্য বজায় রেখে ফ্রেঞ্চ ওপেনে নারী এককের কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সুয়াটেক। এদিন মার্কিন তারকা গফকে ৬-৪, ৬-২ সেটে হারান পোলিশ তারকা সুয়াটেক।
রোঁলা গাঁরোয় ২০২২ সালের ফাইনালেও এই সুয়াটেকের কাছে হেরেছিলেন গফ। সেবার আরও সহজ জয় তুলে নিয়েছিলেন সুয়াটেক। তখন ৬-১, ৬-৩ সেটে হারেন গফ। আজকের জয় নিয়ে গফের বিপক্ষে টানা সাতবার জিতলেন সুয়াটেক।
অন্য কোয়ার্টার ফাইনালে তিউনিসিয়ার ওন্স জাবেউরকে স্তব্ধ করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন ব্রাজিলের হাদ্দাদ মাইয়া। এই প্রথম কোনো গ্রান্ড স্ল্যামের সেমিতে উঠলেন তিনি। সেমিফাইনালে হাদ্দাদের সঙ্গে লড়বেন সুয়াটেক।
জাবেউররের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও দারুণ কামব্যাক করেন ২৭ বছর বয়সী হাদ্দাদ। হারিয়ে দেন ৩-৬, ৭-৬ (৭-৫), ৬-১ সেটে। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনার পরে হাদ্দাদই প্রথম ব্রাজিলিয়ান নারী যিনি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে পৌঁছেছেন।











































