চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
আলমডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী সামসাদ রানু ওরফে রাঙা ভাবি। বুধবার সকালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগে মহিলা নেত্রী সামসাদ রানু প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করেন। মারধরের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
অভিযুক্ত সামসাদ রানু ওরফে রাঙা ভাবি জেলা কৃষক লীগের মহিলা সভানেত্রী ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি।
বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের বিবরণ থেকে জানা যায়, বুধবার বিদ্যালয়ে অর্ধবার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। সামসাদ রানু ওরফে রাঙা ভাবি তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে অর্ক হাসানকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করছিলেন। ছেলের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে কখন হবে তা জানার চেষ্টা করছিলেন।
সকাল পৌনে ১০টার দিকে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় জামার কলার ধরে প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে ক্লাশ রুমের দিকে নিয়ে যান এবং কিল-ঘুসি ও চড় মারতে থাকেন মহিলা নেত্রী সামসাদ রানু। একপর্যায়ে পায়ের জুতা খুলে মারতে উদ্যত হলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনসহ কয়েকজন শিক্ষক মহিলা নেত্রীকে বাধা দেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, বিদ্যালয়ের মধ্যেই সবার সামনে শামসাদ রানু আমাকে লাঞ্ছিত করেছেন। মারধর করেছেন।
কী কারণে এমন ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা নেওয়া হচ্ছিল। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দিন ছিল। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণে বিলম্ব ঘটে। এ কারণে সামষ্টিক মূল্যায়নের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এরই মধ্যে সামসাদ রানু আমার জামার কলার চেপে ধরে টানতে টানতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দিকে নিয়ে যান। আমাকে কিল-ঘুসি ও চড় মারতে থাকেন। তার পায়ের জুতা খুলেও মারধর করতে যান। অন্যান্য শিক্ষক এগিয়ে এলে তিনি জুতা দিয়ে মারতে পারেননি। আকস্মিক মারধরে আমি অসুস্থ হয়ে পড়েছি। বিষয়টি মোবাইলে ইউএনও স্যারকে জানিয়েছি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত সামসাদ রানু প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার কথা আংশিক স্বীকার করে বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ না খোলায় আমার ছেলেসহ কয়েকশ শিক্ষার্থী সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। তীব্র গরমে তারা হাঁসফাঁস করছিল। সোয়া ১০টার পর প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে আমি রুমের তালা খুলে দেওয়ার জন্য বলি। তিনি তালা খুলতে না চাইলে আমি তার জামার কলার ধরে শ্রেণিকক্ষের কাছে নিয়ে যাই।
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, বিষয়টি আমি জেনেছি। প্রধান শিক্ষকও আমার কাছে মোবাইল করেছিলেন। আমি তাকে আমার কার্যালয়ে আসতে বলেছি। কোনো অভিযোগ থাকলে অভিভাবক হিসেবে সামসাদ রানু করতে পারতেন। কিন্তু একজন প্রধান শিক্ষকতে এভাবে মারধর করা চরম অন্যায়। অভিযোগ প্রমাণিত হলে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































