Home জাতীয় ঢাকায় ভয়াবহ রূপ নিচ্ছে দৃষ্টিনন্দন কাঁচের ভবন

ঢাকায় ভয়াবহ রূপ নিচ্ছে দৃষ্টিনন্দন কাঁচের ভবন

50

ঢাকা অফিস।।
রাজধানী ঢাকায় দিনদিন সবুজ বৃক্ষ কমে যাচ্ছে। ফলে তাপমাত্রা বাড়ছে। আবার পাশ্চাত্য দেশের আদলে এই রাজধানীতে একের পর এক তৈরি হচ্ছে কাঁচঘেরা সুউচ্চ ভবন। এতে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ঝরাচ্ছে। ধীরে ধীরে রাজধানী উত্তপ্ত নগরীতে নগর পরিণত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকার ২৫টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘ফিজিবিলিটি স্টাডি অন হিট ওয়েভ ইন ঢাকা’ শীর্ষক গবেষণায় এসব চিত্র উঠে এসেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। অপরদিকে একটি আদর্শ শহরের মোট আয়তনের অন্তত ২০ শতাংশ বনভূমি থাকার কথা বলা হয়েছে। তবে উদ্বেগজনক হলেও সত্য-কোটি মানুষের রাজধানী ঢাকায় সবুজায়ন রয়েছে মাত্র ৮ শতাংশ। এর মধ্যেও যখন-তখন গাছ কাটা হচ্ছে।

নগর বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের বহু দেশ নিজেদের অর্থনৈতিক ও পরিবেশগত অবস্থা বিবেচনা করে আকাশচুম্বী ভবন নির্মাণ নিয়ে কাজ করছে। সেখানে কোনোকিছু বিবেচনায় না নিয়েই রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজারের অফিসপাড়ায় গা লাগানো সুউচ্চ বাণিজ্যিক ভবন নির্মাণের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ভবন দৃষ্টিনন্দনের দোহাই দিয়ে পাশ্চাত্য দেশের আদলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শীতলতা আর কাঁচের দেয়ালে ঘেরা। এসব ভবনের দাবদাহ ছড়িয়ে পড়ছে পুরো শহরে। যার ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থায় ঢাকার গাছ বা বনাঞ্চলও কমছে। ফলে আশঙ্কা করা হচ্ছে- গরম বা তীব্র দাবদাহের কারণে মানুষ বাধ্য হয়ে ঢাকা ছাড়বে। সেই সঙ্গে রাজধানী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

তারা আরো বলেন, কাঁচঘেরা ভবনের তাপমাত্রা শীতল রাখতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহারের প্রভাবে বাইরের চারপাশে তীব্র তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলছে। এতে তাপ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। যার প্রভাব শুধু সুউচ্চ ভবনের বাসিন্দাদের মধ্যে পড়ছে এমন নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বসাধারণ। ফলে ক্রমেই তাপীয় দ্বীপ হয়ে উঠছে ঢাকা। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) কর্তৃপক্ষ কাঁচের ভবন নির্মাণে তেমন কোনো বাধাই দিচ্ছে না। এসব ভবনের কোনো তালিকাও তাদের কাছে নেই।

যদিও কর্তৃপক্ষ বলছে, ১ হাজার ৮১৮টি বহুতল ভবনের ৮৪ শতাংশই নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাঁচের ব্যবহার নান্দনিক সৌন্দর্য নিয়ে এলেও এর পরিবেশগত ঝুঁকি বহুগুণে বাড়ছে।

তিনি বলেন, কাঁচের গ্লাসের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের চারপাশে বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয়। আবার ভবনের তাপমাত্রা ঠান্ডা রাখতে সারাবছর শীতাতপ নিয়ন্ত্রণ করতে হয়, যা গ্রিন হাউজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এতে রোগবালাই বাড়বে। চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিজের দেশ বা শহরের আবহাওয়া অনুসারে কাঁচের সুউচ্চ ভবন নির্মাণ কতটা প্রয়োজন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, যেসব দেশে কাঁচের ব্যবহার বেশি, সেগুলো আসলে শীতের দেশ। যা আমাদের দেশের জন্য উপযোগী নয়। কারণ আমাদের দেশে গরম বেশি। অথচ আমরা সেটাই কপি করছি। এতে কাঁচের ভবন প্রচুর তাপ শোষণ করে আরবান হিট বাড়িয়ে দিচ্ছে। ঢাকাসহ অনেক জায়গায় তাপমাত্রা উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। ফলে তাপমাত্রা কমাতে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে ইমারত বিধিমালার দিকে দৃষ্টি দিতে হবে। না হলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, বহুতল বাণিজ্যিক ভবনে এখন উন্নত বিশ্বের আদলে কাঁচ ব্যবহার করা হচ্ছে। এটার কারণে কম খরচে ভবন নির্মাণ করা যাচ্ছে। আবার সহজেই প্রাকৃতিক আলো পাওয়া যাচ্ছে। এর অসুবিধা হলো এসব ভবনে সূর্যের তাপ বেশি শোষণ হওয়ায় এবং এয়ার ভেন্টিলেশন না থাকায় সারাক্ষণ এসি ব্যবহার করতে হয়। এতে গ্রিন হাউজের প্রভাব পড়ে। এটাকে আসলে নিরুৎসাহিত করা উচিত।

স্বাস্থ্যবিদরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। হিট স্ট্রোক, ডেঙ্গুসহ বিভিন্ন রোগও তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। ভবন নির্মাণে কাঁচের ব্যবহার কমানো গেলে তা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে প্রভাব ফেলবে।
ঢাকা শহরের দাবদাহ নিয়ে ‘ফিজিবিলিটি স্টাডি অন হিট ওয়েভ ইন ঢাকা’ শীর্ষক গবেষণায় ঢাকার ২৫টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- ফার্মগেট, কারওয়ান বাজার, পল্টন, মতিঝিল, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, যাত্রাবাড়ী,বাড্ডা, গুলশান, মিরপুর, গাবতলী, গোড়ান, বাসাবো, টঙ্গী, শহীদনগর, বাবুবাজার, পোস্তগোলা, জুরাইন, সায়েদাবাদ, কুর্মিটোলা, আজমপুর, উত্তরা, কামারপাড়া, মোহাম্মদিয়া হাউজিং, আদাবর, তেজকুনিপাড়া, নাখালপাড়া ও মহাখালী।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার এই পরিস্থিতির পেছনে মূল কারণ দূষণ। এরসঙ্গে যোগ হয়েছে কাঁচের ভবন। কাঁচের ভবনগুলোতে এসি লাগাতে হয়। এসি ফসিল ফুয়েল ব্যবহার করে, আর গ্যাস ছাড়ে। এটা ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। সিএফসি, এইচএফসি গ্যাস বাড়ায় নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। এতে অসহনীয় তাপ বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকার দাবদাহ কমাতে শহরের ওপর চাপ কমিয়ে শহরকে বিকেন্দ্রীকরণ করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শহরের বাসা ও অফিসে এসির ব্যবহার কমাতে মানুষকে সচেতন করতে হবে। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক বায়ু সঞ্চালনের ব্যবস্থা রাখতে হবে। কাঁচের গ্লাসসমৃদ্ধ ভবনের অনুমতি বাতিল করতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, কাঁচের ভবনের বিষয়ে আমাদের ইমারত বিধিমালায় কিছু বলা নেই। আবার নতুন ড্যাপে (বিশদ অঞ্চল পরিকল্পনায়) ভবন কীভাবে নির্মাণ করবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় কাঁচের ব্যবহার বাড়ছে। ইমারত বিধিমালা সংশোধন করে কংক্রিটের দেয়ালের পরিবর্তে কাচের ব্যবহার নিরুৎসাহিত করার পদক্ষেপ নিতে হবে।

গত বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আওতাধীন ঢাকা নগরীর সবুজ এলাকা এবং এর রাজনৈতিক অর্থনীতি শিরোনামে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে- ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে বার্ষিক ৬ দশমিক ৫ শতাংশ হারে সবুজ এলাকা হারিয়েছে ঢাকা। এ ধারা অব্যাহত থাকলে এক সময় সবুজহীন মরুময় নগরে পরিণত হবে ঢাকা।