সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২১ মে) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি পানের অযোগ্য। এই পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরার শহরের নিম্নআয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে নিম্নআয়ের মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না। সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানাই।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্ব বক্তব্য দেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামানসহ অনেকে।











































