খুলনাঞ্চল রিপোর্ট।।
কয়লার অভাবে আগামী ২৭ মে বন্ধ হয়ে যাবে দেশের সব থেকে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা। ১৩২০ মেগাওয়াটের কেন্দ্রটিতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লার দরকার হয়। প্রতি ঘণ্টায় বর্তমান হারে বিদ্যুৎকেন্দ্রটি সচল থাকলে মজুত দিয়ে আর মাত্র ৮ দিন চলবে। আগামী রোববার ব্যাংকে লেটার অব ক্রেডিট (এলসি) খুললেও সেই কয়লা ইন্দোনেশিয়া থেকে আসতে কম করে হলেও ২৫ দিন সময় লাগবে। এই হিসেবে নিশ্চিতভাবেই ২৭ তারিখে কেন্দ্রটি কয়লার অভাবে বন্ধ হচ্ছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় পড়ছে বর্তমানে ৯ টাকা।
১৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির সমান মালিকানায় পরিচালিত হচ্ছে। কেন্দ্রটিতে ৬ মাসের বাকিতে কয়লা সরবরাহ করত সিএমসি। ৯ মাসের ৩৫ কোটি ৪০ লাখ ডলার বাকি পড়ায় চীন সরকার পায়রা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ডলারসংকট দূর করতে না পারায় দেশের সব থেকে বড় বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির সমান মালিকানায় পরিচালিত হচ্ছে। এটি পরিচালনার জন্য নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও সিএমসির সমান মালিকানায় বাংলাদেশ চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।
চীনের ৩৫ কোটি ৪০ লাখ ডলার পরিশোধের বিষয়ে গত কয়েক সপ্তাহ দফায় দফায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরও সমাধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল ইসলামের সঙ্গে বৈঠক হয়, তবে বৈঠকে ডলার সংস্থানের কোনো সুরহা হয়নি।
চীনা নিষেধাজ্ঞায় পায়রা বিদ্যুৎকেন্দ্র>>
৬ মাসের বাকিতে সিএমসি কয়লা দিতে চুক্তি করে বিসিপিসিএলের সঙ্গে। কয়লা দেয়ার ৬ মাস পর গিয়ে অর্থ পরিশোধ করবে বিসিপিসিএল। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের গত ২৩ মার্চ পর্যন্ত ছয় মাসে সিএমসি বকেয়া কয়লা বাবদ ২৯ কোটি ৮০ লাখ ডলার বকেয়া হয়। এই অর্থ পরিশোধ করতে পারেনি পায়রা বিদ্যুৎকেন্দ্র। এরপর সিএমসি পায়রাকে আরও প্রায় ১০ কোটি ডলারের কয়লা বাকিতে সরবরাহ করে। সব মিলিয়ে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯ কোটি ডলার। এর পরও অর্থ পরিশোধ করতে না পারায় চীনের বৈদেশিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার পিটি বায়ান্স রিসোর্স টিবিকের কাছ থেকে কয়লা বাংলাদেশের পায়রা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করার বিষয়ে সিএমসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কয়লা আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গত ২৭ এপ্রিল বিসিপিসিএল কর্তৃপক্ষ বিষয়টি বিদ্যুৎ সচিবকে চিঠি দিয়ে অবহিত করে। এরপর কয়েক দফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে ৩ কোটি ডলার পরিশোধ করে সরকার। এখনো সিএসমি প্রায় ৬ মাসের পুরোনো ৩৫ কোটি ডলার বকেয়া পাবে পায়রা বিদ্যুৎকেন্দ্রের কাছে। সিএমসির দাবি, ৬ মাসের পুরোনো বকেয়াগুলো দিয়ে দিলেই মিলবে কয়লা। আর বাকিতে কয়লা দেয়া সম্ভব নয়। কারণ ইতিমধ্যে চীনের মুদ্রা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিএমসিকে কয়লা বাংলাদেশে পাঠানোর জন্য এলএসি খোলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ পরিস্থিতি বকেয়া পরিশোধ না হলে কোনোভাবেই কয়লা সরবরাহ করা সম্ভব না।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, ওরা প্রায় ৩৫ কোটি ডলার এখনো পাবে। বাংলাদেশ ব্যাংক যদি প্রতি সপ্তাহে ১০ কোটি টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিত এবং ডলারের জোগান অব্যাহত রাখত তা হলেও সিএমসিকে এলএসি খোলার জন্য অনুরোধ করা যেত। কিন্তু বাংলাদেশ ব্যাংক এ রকম কোনো প্রতিশ্রুতিও দিচ্ছে না। সে কারণে সিএমসি কোনোভাবেই আর কয়লা সরবরাহ করবে না। এতে কেন্দ্রটি ২৭ মে বন্ধ হয়ে যাওয়ার কথা।
বিসিপিসিএলের একজন প্রকৌশলী বলেছেন, প্রতিদিন প্রতিঘণ্টায় গড়ে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করছে পায়রা বিদ্যুৎকেন্দ্রটি। এতে গড়ে দৈনিক প্রায় ১৩ হাজার টন কয়লার প্রয়োজন হয়। দেশে বর্তমানে লোডশেডিং আছে। এ পরিস্থিতিতে পায়রা কেন্দ্রটি সর্বোচ্চ ক্ষমতায় চালাতে হচ্ছে। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে ঢাকায় অন্তত ১ হাজার মেগাওয়াট লোডশেডিং বাড়বে। এতে ঢাকায় দিনরাত মিলিয়ে অন্তত ৬-৭ বার বিদ্যুৎ থাকবে না।
দেশে টানা কয়েক দিন ভয়াবহ লোডশেডিং ছিল। গত বৃহস্পতিবার থেকে লোডশেডিং কমে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে বৃহস্পতিবার ২০০ মেগাওয়াট লোডশেডিং ছিল। পায়রার বিদ্যুৎ ঢাকায় আসে। এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে ঢাকায় ভয়াবহ লোডশোডিং শুরু হবে বলে পিডিবির প্রকৌশলীদের মত।
বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল ইসলাম বলেন, ‘আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক হয়েছে। আশা করছি পরিস্থিতির উন্নতি ঘটবে।’ এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।











































