‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শনিবার
খবর বিজ্ঞপ্তি।।
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ মে (শনিবার) ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এছাড়া আগামী ২৭ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ এবং ০৩ জুন ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন ১৬ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ মে (শনিবার) অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৩০৪৭৭ থেকে ৩৩৫৬৮৬ রোল পর্যন্ত মোট ৫ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৭ মে (শনিবার) ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষাও শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে এ কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৩২৪ জন। এছাড়া আগামী ০৩ জুন ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ হাজার ২১০ জন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৭৭ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১ হাজার ৫০০ জন ও হোপ পলিটেকনিক ইনস্টিউটে ৬১৬ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।
ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তবে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের সাথে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
খুবিতে ‘সিটিজেন চার্টার এন্ড জিআরএস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুবিকে নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে নানা
উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে : উপ-উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সিটিজেন চার্টার এন্ড গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (জিআরএস)’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ১৮ মে (বৃহস্পতিবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য আইকিউএসির মাধ্যমে নানা প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার মানোন্নয়ন হয়। তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। এ লক্ষ্যে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সেবাগ্রহীতা সহজেই যাতে সেবা পান সেজন্য প্রত্যেক ভবনে সিটিজেন চার্টার ও অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ফলে সেবাদানকারীর কাজের ক্ষেত্র আরও সহজ হয়েছে। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, খুলনা সিটি কর্পোরেশনের সচিব (যুগ্ম সচিব, প্রশাসন) মো. আজমুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।











































