ঢাকা অফিস।।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৯০-এর দশক থেকে চরমন্থিদের হাতে খুন হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এসব অঞ্চলে জিম্মি, অপহরণ, খুন ছিল নিত্যদিনের ঘটনা। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, জনযুদ্ধ, সর্বহারাসহ ১৪টির বেশি চরমপন্থি দলের আতঙ্কে মানুষের জীবন ছিল হাতের মুঠোয়। রক্তারক্তি কমলেও দল-উপদলে বিভক্ত এসব চরমপন্থি নিয়ে ভয় কাটেনি নিরীহ মানুষের।
এ অবস্থায় র্যাবের উদ্যোগে এ অঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠনের ৩২৩ নেতাকর্মী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আগামী রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে ২ শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে র্যাব কর্মকর্তাদের এক বৈঠকে আত্মসমর্পণের বিষয়টি চূড়ান্ত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল গনমাধ্যমকে বলেন, আত্মসমর্পণের পর তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য এবং কর্মসংস্থানের ব্যাপারে সরকার সব
ধরনের সহযোগিতা দেবে। আইনি সহায়তাও দেওয়া হবে। হত্যা ও ধর্ষণ ছাড়া অন্যান্য মামলা নিষ্পত্তির ব্যবস্থা নেবে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার সিরাজগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজবাড়ী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও মেহেরপুরসহ ৩২৩ জন আত্মসমর্পণ করবেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক (মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে চরমপন্থি দলগুলোর অনেক সদস্য আত্মসমর্পণের সুযোগ খুঁজতে থাকেন। তাদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের উদ্যোগ নেয় র্যাব।
র্যাব জানায়, চরমপন্থিদের পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। টাঙ্গাইলে ৩০টি সর্বহারা পরিবারের নারী সদস্যদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ‘উদয়ের পথে’ নামে একটি পরীক্ষামূল প্রকল্প চালু করা হয়েছে। ভূমিহীনদের স্থায়ী বাসস্থানের জন্য জমি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন চরমপন্থি দলের নেতা ও সদস্যদের আর্থিক প্রণোদনার মাধ্যমে গরুর খামার, পোলট্রি ফার্ম, মাছ চাষ, চায়ের দোকান, ভ্যান-রিকশা, সেলাই মেশিন প্রদানের পক্রিয়া চলমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আত্মসমর্পণের পর মামলা- মোকদ্দমা দেখে সেই অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যাদের নামে মামলা রয়েছে, সেগুলোর বিচার দ্রুত শুরু করা হবে।
আত্মসমর্পণ করবেন- এমন এক চরমপন্থি নেতা বলেন, ‘সরকার আমাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সহায়তা করতে চেয়েছে। এটা আমাদের জন্য বড় পুরস্কার। এই অন্ধকার জীবনে দলের কেউ আর থাকতে চান না।’
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, চরমপন্থি সংগঠনগুলোর আত্মসমর্পণের দিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি লোকবল মোতায়েন থাকবে; মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশও।
র্যাবের তথ্য অনুযায়ী এর আগে সুন্দরবন, কক্সবাজার, মহেশখালী ও বাঁশখালী অঞ্চলের ৫০টি বাহিনীর ৪০৫ জলদস্যু অস্ত্র-গোলাবারুদসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা জলদস্যুদের নগদ অর্থ দেওয়া হয়েছে। ঘর, মুদি দোকান, গবাদিপশু, মাছ ধরার নৌকা, জাল ও ইঞ্জিনচালিত নৌকাও দেওয়া হয় তাদের।
এর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ চরমপন্থি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা।











































