নাটোর প্রতিনিধি।।
নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন ও নাটোর পৌরসভায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। এ সময় উপড়ে ও ভেঙে গেছে অসংখ্য গাছপালা। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পুরো আকাশ ঢেকে যায় মেঘে। এরপর শুরু হয় কালবৈশাখী ঝড়।
এলাকাবাসী জানান, ঝড়ের তাণ্ডবে নাটোর শহরের স্টেশন বাজার পুরোটাই লণ্ডভণ্ড হয়ে যায়। উড়িয়ে নিয়ে যায় বাজারের টিনের চালা।
উত্তর বড়গাছা এলাকার রুবেল হোসেন বলেন, বড়গাছা এলাকার বিভিন্ন আধাপাকা বাড়ির টিনের চালা উড়ে যায়। তেবাড়িয়া এলাকায় গাছ উপড়ে বন্ধ হয়ে যায় প্রধান সড়ক।
নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একে এম মুরশেদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে অপসারণ করলে রাত ৮টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।
এদিকে ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা। নেসকো ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তাদের কর্মীরা কাজ করছে।











































