ক্রীড়া ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে গুডিসন পার্কে গিয়ে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে শিরোপা ধরে রাখার অভিযানে আরও একধাপ এগিয়ে গেল সিটি। অতিথিদের হয়ে জোড়া গোল করেন ইকেই গান্ডোগান। অন্য গোলটা আর্লিং হালান্ডের। সিটির জয়ের রাউন্ডে ফের আবারও পয়েন্ট খুইয়েছে নিউক্যাসল ইউনাইটেড। শনিবার রাতে লিডস ইউনাইটেডের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ঘরে ফিরেছে তারা। সুযোগটা কাজে লাগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর রেড ডেভিলসরা ফিরেছে জয়ে। প্রত্যাশিত জয়ে নিউক্যাসলের পয়েন্ট ছুঁয়ে ফেলল তারা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্তনি মার্শিয়াল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের জয়ের ব্যবধান বাড়ান গারন্যাচো। লিগের চলতি মৌসুমে এরিক টেন হাগের দলের এটা ২০তম জয়। এই জয়ের পর পয়েন্ট তালিকার চতুর্থ স্থান পাকাপোক্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিউক্যাসলেরও। তবে গোলগড়ে এগিয়ে তিনে আছে তারা। পাঁচে থাকা লিভারপুলের সংগ্রহ ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল আর্সেনাল। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে থাকল ম্যানচেস্টার সিটির।
তবে এই রাউন্ডটা ভালো কাটেনি লন্ডনের দুই জায়ান্ট টটেনহাম হটস্পার ও চেলসির। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। আর অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছে টটেনহাম। এই ড্রয়ে লিগের সেরার চারের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গেল তারা। অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমেও খেলা হচ্ছে না টটেনহামের। ৩৬ ম্যাচে ৫৭ পয়েন্ট স্পার্সদের। তাদের অবস্থান টেবিলের ছয়ে। সমান ম্যাচ ও পয়েন্টে সাতে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। আর ৩৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে থাকল চেলসি।











































