Home আঞ্চলিক ‌‘কেসিসির অপরিকল্পিত প্রকল্প গ্রহণ জনভোগান্তিতে রূপ নিচ্ছে’

‌‘কেসিসির অপরিকল্পিত প্রকল্প গ্রহণ জনভোগান্তিতে রূপ নিচ্ছে’

18

 

স্টাফ রিপোর্টার।।

সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস অভিযোগ করে বলেছেন, বর্তমানে নগরীতে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকার এ অঞ্চলের মানুষের জন্য বিপুল অংকের টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। অরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং বাস্তবধর্মী পদক্ষেপ না নেওয়ায় তা জনভোগান্তিতে রূপ নিচ্ছে।

সোমবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য গফফার বিশ্বাস।

তিনি বলেন, সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া সড়ক ও ড্রেনেজ প্রকল্প নগরবাসীর গলার কাটা হিসেবে দেখা দিতে পারে। কেননা, এই প্রকল্প শেষে দেখা যাবে, রূপসা ও ভৈরব নদের পানি এবং সড়ক ও ড্রেনের ময়লা-আবর্জনা নগরবাসীর বসতঘরে প্রবেশ করবে। সৃষ্টি হবে স্থায়ী জলাবদ্ধতার। যার কিছু প্রমাণ ইতিমধ্যে নগরীর নিরালা আবাসিক এলাকাসহ অনেক স্থানে দেখা গেছে। তাছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কারণে গত পাঁচ বছরে নগরজুড়ে খোঁড়াখুড়ির কারণে সড়কগুলোর এখন বেহাল অবস্থা।

গফফার বিশ্বাস বলেন, খুলনা নগরীতে একসময় অনেক শিল্প-কারখানা ছিল। কিন্তু সেসব শিল্প-কারখানার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তা বন্ধ করে দেওরা হয়েছে। ফলে নির্মম বেদনা নিয়ে সাড়ে তিন লাখ মানুষ খুলনা ছেড়ে চলে গেছে।

তিনি বলেন, বর্তমানে খুলনার সবেচের বড় সমস্যা বেকারত্ব। কর্মসংস্থানের নতুন দ্বার উন্মেচিত হয়নি। যত দিন যাচ্ছে খুলনা তত পিছিয়ে পড়ছে। অর্থনীতিসহ সব ক্ষেত্রে পরিকল্পিতভাবে উন্নয়ন না হওয়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

সাবেক সংসদ সদস্য আরও অভিযোগ করেন, সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব আর যোগ্য নেতৃত্ব না থাকায় দেশের অন্যান্য জেলাশহর ও সিটি করপোরেশন থেকে পিছিয়ে পড়ছে খুলনা। এই মাটির সন্তান হিসেবে এসব আমাকে ব্যথিত করে। যে কারণে জীবনের শেষ দিকে এসে আবারও খুলনার নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নেই। এ উপলক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করেছি।