Home আঞ্চলিক কালীগঞ্জের অনামিকা অন্তরাদের স্বপ্ন এখন শুধুই স্বপ্ন

কালীগঞ্জের অনামিকা অন্তরাদের স্বপ্ন এখন শুধুই স্বপ্ন

14

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

তিন বোনের মধ্যে অন্তরা মাষ্টার্স ও অনামিকা অনার্সে পড়ে। আর অনেক আগেই এসএসসি পাশের পর বড় বোন ছন্দার বিয়ে হয়ে গেছে। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম তাদের। দিনমজুর বাবা নুর আলীর শরীর ঘামানো রোজগারে ভর করে শত কষ্টের মাঝেও লেখাপড়ায় এতটুকু এগিয়েছিল তারা। কিন্ত সংসারে একমাত্র উপার্জনকারী সেই বাবাই এখন অসুস্থ হয়ে প্রায় মৃত্যুর পথযাত্রী। এমন পরিস্থিতিতে একদিকে টাকার অভাবে বাবাকে সুস্থ করতে পারছে না তারা। অন্যদিকে বর্তমান সংসারে রোজগারের কেউ না থাকায় ঠিকমত তাদের খাবারও জুটছে না। আর দুই বোনের লেখাপড়াও আজ বন্ধ হতে বসেছে। অথচ তাদের আশা ছিল লেখাপড়া শেষে চাকুরীর মাধ্যমে বাবা মায়ের পাশে দাড়াবে তারা। বাবা নামের বটবৃক্ষটি কিছুটা নিস্তেজ হয়ে পড়ায় দুই বোনের মধ্যে লালন করা আশার স্বপ্নগুলোও আজ মুছে যাওয়ার আশঙ্কায় তারা। অন্তরা,অনামিকা ও ছন্দাদের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের পান্তাপাড়া গ্রামে।

অন্তরার মা মিনা বেগম জানান, তার স্বামী একজন পরিশ্রমী মানুষ। বসতভিটের মাত্র ৭ শতক ছাড়া মাঠে কোন চাষযোগ্য জমি নেই। দিনমজুরের বিভিন্ন ধরনের কাজ করে তার স্বামী মেয়েদের লেখাপড়াসহ সংসারের যাবতীয় খরচ মেটাতেন। এতে কষ্ট হলেও চলে যেতো। কিন্ত প্রায় দেড় বছর আগে তার স্বামী নুর আলী সর্দার পাইলস এ আক্রান্ত হন। সে সময়ে দরিদ্র পরিবার হলেও তাদের সম্পদ বলতে যা কিছু ছিল তা শেষ করেছেন। পরে বাধ্যহয়ে গ্রামবাসীর কাছে হাত পেতে যশোর একতা হাসপাতালে নিয়ে গেলে ক্ষতস্থানে ক্যানসার ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ল্যাবএইড হাসপাতাল সর্বশেষ মহাখালী ক্যানসার হাসপাতালে নিয়ে ব্যয়বহুল ক্যামোথেরাপি দিয়েছেন। কিন্ত এখনও তার পায়ুপথ বাদে বিশেষ পাইপের মাধ্যমে অন্য দিক দিয়ে মলত্যাগ করানো হচ্ছে। চিকিৎসক বলেছেন আরও একটি অস্ত্রপোচার করাতে পারলে পুনরায় পায়ুপথ দিয়েই সম্ভব। এজন্য প্রয়োজন প্রায় দুই লক্ষাধিক টাকা। যে টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

অন্তরা ইয়াসমিন জানান, তারা ৩ বোন। এস এসসি পাসের পর বড় বোন ছন্দা খাতুনের বিয়ে হয়ে যায়। আর সে মেজো। বর্তমানে যশোর সরকারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাষ্টার্সের শিক্ষার্থী। আর ছোট বোন অনামিকা ইয়াসমিন যশোর এম এম কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ের ২য় বর্ষের শিক্ষার্থী। স্বপ্ন ছিল অনেক। যা বাবাকে সুস্থ করতে পারলে হয়তো পূরন হতে পারে। আর না হলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।

সাহেব আলী জানান, নুর আলী মাছ কিনে গ্রাম গ্রাম বিক্রি করতেন। বসে না থেকে কখনও কখনও ইটভাটায় ও মাঠে কাজ করে পয়সা রোজগার করতেন। যে কারনে মাঠে কোন জমি না থাকলেও মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার ভালোভাবে চলে যেতো। যা সম্পদশালী মানুষও পারেনি। তাকে ধন্যবাদ দিতে হয়।

পাশের বাড়ির আমেনা বেগম জানান, নুর আলী একজন সৎ ও পরিশ্রমী মানুষ হওয়ায় এলাকার সবাই তাকে ভালবেসে চিকিৎসার জন্য এ পর্যন্ত সাহায্য করেছেন। এখন তার সংসারে রোজগারের লোক না থাকায় অত্যন্ত কষ্টে তাদের দিন কাটে। আজ মেয়ে দুইটির লেখাপড়াও প্রায় বন্ধের পথে।

গ্রামের বাসিন্দা ও কোলা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন জানান, তাদের গ্রামের নুর আলী সর্দার সত্যিই একজন পরিশ্রমী মানুষ। মাঠে জমি না থাকলেও দিনমজুর হয়েও ৩ মেয়েকে লেখাপড়া শিখিয়েছে। যা অনেক অর্থশালী মানুষ হয়েও আমরা পারিনি। তিনি বলেন, এ মানুষটা বেশ অসুস্থ। চিকিৎসায় তারাও কয়েক দফায় আর্থিক সহযোগীতার হাত বাড়িয়েছেন। আরও একটি অপারেশন প্রয়োজন। এ জন্য এ পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছেন।