ঢাকা অফিস।।
চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে ৮২ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ দিনব্যাপী চার পর্বের এই কর্মসূচি আগামী ১৯ মে থেকে শুরু হবে। প্রতিটি পর্বেই ঢাকা মহানগরে কর্মসূচি থাকছে। প্রথম দিন ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় জনসমাবেশ হবে। পরে ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে দলটি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথসভা আহ্বান করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অথবা আহ্বায়ক, সাধারণ সম্পাদক অথবা সদস্যসচিবদের অংশ নিতে বলা হয়েছে। যৌথসভায় জনসমাবেশ সফল করা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া যৌথসভা থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, ৮২ সাংগঠনিক জেলার জনসমাবেশ কর্মসূচি সফল করতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের মাঝে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। জনসমাবেশ সফল করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গতকাল রবিবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে নেতাদের মধ্যে এই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। ১৫ দিন বিরতি দিয়ে গত শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে ৮২ সাংগঠনিক জেলায় জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নে এই জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের পক্ষে জনমত গড়তে শান্তিপূর্ণ জনসমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ১০ দফার পক্ষে সমর্থন জানাতে দেশের মানুষ চলমান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
দলের দপ্তর সূত্রে জানা যায়, প্রথম দিন ১৯ মে শুক্রবারের অনুষ্ঠেয় জনসমাবেশ কর্মসূচি সফল করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিন স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা; মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা, গয়েশ্বর চন্দ্র রায়কে কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা; ড. আবদুল মঈন খানকে রাজশাহী মহানগর ও জেলা, নজরুল ইসলাম খানকে সিলেট মহানগর ও জেলা, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে খুলনা জেলা ও মহানগর এবং সেলিমা রহমানকে শেরপুর জেলার জনসমাবেশ কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিন ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে ফরিদপুর মহানগর ও জেলা, অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মেহেরপুর, বরকাতুল্লাহ বুলুকে টাঙ্গাইল, মো. শাহজাহানকে ফেনী, আবদুল আউয়াল মিন্টুকে মাগুরা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রংপুর জেলা ও মহানগর, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াকে রাঙামাটি, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কুড়িগ্রাম, মজিবুর রহমান সরোয়ারকে ভোলা ও হারুন অর রশিদকে নওগাঁ জেলার কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়।
২০ মে অনুষ্ঠেয় জনসমাবেশ কর্মসূচির জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ, মির্জা আব্বাস মুন্সীগঞ্জ, গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুর জেলা ও মহানগরের দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান কক্সবাজার, ব্যারিস্টার শাজাহান ওমর বীরউত্তম বরিশাল উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর, শামসুজ্জামান দুদু রাজবাড়ী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী কুষ্টিয়া, আব্দুল আউয়াল মিন্টু পটুয়াখালী, ডা. এজেডএম জাহিদ হোসেন মৌলভীবাজার, আহমেদ আজম খান ঝিনাইদহ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দিনাজপুর, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু পাবনা, মনিরুল হক চৌধুরী চাঁদপুর, জয়নাল আবেদিন ফারুক নেত্রকোনা, হেলালুজ্জামান তালুকদার লালু চাঁপাইনবাবগঞ্জ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামালপুর, হাবিব উন নবী খান সোহেলকে নীলফামারী জেলার দায়িত্বে দেওয়া হয়েছে।
২৬ মে অনুষ্ঠেয় জনসমাবেশ সফরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বগুড়া, মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তর, ড. আব্দুল মঈন খান মাদারীপুর, আমির খসরু মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুর, সেলিমা রহমান মানিকগঞ্জ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান খাগড়াছড়ি, বরকাতুল্লাহ বুলু বান্দরবান, মো. শাজাহান সুনামগঞ্জ, নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, শামসুজ্জামান দুদু সাতক্ষীরা, ডা. এজেডএম জাহিদ হোসেন ঠাকুরগাঁও, আহমেদ আজম খান পিরোজপুর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা জেলা, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বরগুনা, হাবিব উন নবী খান সোহেল সৈয়দপুর ও হারুন অর রশিদ সিরাজগঞ্জ জেলার দায়িত্বে থাকবেন।
২৭ মে জনসমাবেশ কর্মসূচি সফল করতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরের দায়িত্বে রয়েছেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নরসিংদী, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা মহানগর দক্ষিণ, ড. আব্দুল মঈন খান হবিগঞ্জ, নজরুল ইসলাম খান কিশোরগঞ্জ, আমীর খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাগেরহাট, ডা. এজেডএম জাহিদ হোসেন পঞ্চগড়, জয়নুল আবেদীন ঝালকাঠি, আহমেদ আজম খান নড়াইল, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জয়পুরহাট, হেলালুজ্জামান তালুকদার লালু নাটোর, জহিরুল হক শাহজাদা শরীয়তপুর, মনিরুল হক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল গাইবান্ধার কর্মসূচি সফল করার দায়িত্বে থাকবেন।
এ ছাড়া ৮২ সাংগঠনিক জেলার জনসমাবেশ কর্মসূচি সফল করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা, দলের সাবেক সংসদ সদস্যদের নিজ নিজ জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের কর্মসূচি সমন্বয় করে দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, জনসমাবেশ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সরকারের দিক থেকে যদি বাধা দেওয়া না হয়, এবারের প্রতিটি জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।











































