নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে ওই হত্যা মামলায় অন্য ২১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন।
রোববার বেলা ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন এ রায় প্রদান করেন।
নড়াইল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খান, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায়ের সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী নিজ জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে যাওয়ার সময় টাকিমার স্লুইুচগেটের পাশে পৌঁছলে আসামিরা পূর্বশত্রুতার জেরে ওতপেতে থেকে সোবহান ফারাজীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সোবহান ফারাজীর ভাই জলিল ফারাজি বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।











































