Home আঞ্চলিক খুলনায় কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

খুলনায় কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

36

স্টাফ রিপোর্টার||
উত্তাপ চড়াচ্ছে খুলনার নিত্যপণ্যের বাজার। দফায় দফায় বেড়েছে চিনি, পেঁয়াজ, আলু, রসুনের দাম। ২০০ ছুঁয়েছে কাঁচামরিচ। মাছ-মুরগির দিকে তাকাতেও সাহস পাচ্ছেন না ক্রেতারা।

শনিবার (১৩ মে) নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, রূপসা বাজার, গল্লামারি বাজার ঘুরে জানা গেছে, বাজারে নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। বর্তমানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। ফলে অনেক দোকানি মরিচ বিক্রি করা কমিয়ে দিয়েছে। দাম বৃদ্ধির দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিংড়ি।
খুলনার একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, বাজারে প্রায় প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। গত বৃহস্পতিবার পাইকারি ৫৫ টাকায় কেনা সম্ভব হয়েছে। আজ সেটি ৫৮ টাকায় গিয়ে ঠেকেছে। পাইকারি ৫৮ টাকায় কিনে এনে তা কোনোভাবে ৬৫ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়।
খুলনার বড় বাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী জানান, আমদানীকারক ও গুদামজাতকারীদের হাতে ছোট ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে।

বাজারের পেঁয়াজ বিক্রেতা হালিম শেখ জানান, এখনও বাজারে পেঁয়াজের সরবরাহ ঠিক আছে। তবে কেনো দাম বাড়ছে তা বলতে পারছে না কেই।
নগরীর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে বাজারে ঝিঙে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৩০-৪০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরলতি ৮০ টাকা, কাঁচা কলা, কাকরোল ৬০ টাকা, করলা ৮০ টাকা, উচ্ছে ৮০, মিষ্টি কুমড়া ৩০, বেগুন ৬০-৭০ টাকা, খিরাই ৫০ টাকা ও কুশি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার সূত্রে জানায়, গত সপ্তাহে বেড়ে যাওয়া দামে বিক্রি হচ্ছে আলু। ৪০ টাকার নিচে আর আলু পাওয়া যাচ্ছে না।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা বলেন, শনিবার সিম ৬০ টাকা, লাউ ৪০-৫০ টাকা (প্রতি পিস), উচ্ছে কেজি ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কুশি ৬০ টাকা, কচু ৬০ টাকা, কাকরোল ৮০, লাউ শাক ৫০ টাকা, লাল শাক ৪০ টাকা, পালং শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

নগরীর পিটিআই মোড় থেকে জোড়াকল বাজারে বাজার করতে আসা রীনা হাবিব বলেন, প্রায় প্রতিদিন তিনি বাজারে আসেন। কিন্তু বাজারে এসে প্রায় প্রতিদিন সবজির দাম বাড়তি দামে সবজি কিনতে হয়। মাঝে মাঝে প্রয়োজনের তুলনায় কমও নিতে হয় বলেও জানান তিনি।

নগরীর জোড়াকল বাজারের মুরগি বিক্রেতা মনির জানান, দুদিন আগেও ব্রয়লার বিক্রি হয়েছে ১৬০ টাকায়। সেই ব্রয়লার আবার ২১০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া কক ৩২০ টাকা, সোনালী ৩৩০ টাকা ও পাকিস্তানী সোনালী ৩৬০ টাকা।
এ বাজারে মুরগি কিনতে আসা সোলায়মান শিকদার বলেন, বাজারে কখন কোনো পণ্যের দাম বাড়ে আর কমে। তিনদিন আগে ব্রয়লার ১৬০ টাকায় কেনা গেছে। আবার ২১০ টাকা চাওয়া হচ্ছে।

এদিকে বৃষ্টির অভাবে খাল বিল পুকুর শুকিয়ে যাওয়ায় মাছের বাজারে সরবরাহ খুবই কম।
জোড়াকল বাজারের মাছ বিক্রেতা নান্টু, অশোক দাস, রনি জানান, বাজারে মাছের আমদানি দিনকে দিন কমে যাচ্ছে। তারা বলেন, বাজারে এখন ২৫০ টাকার নিচে কোনো মাছ নেই। এ ব্যবসায়ীরা বলেন, বাজারে এখন সবচেয়ে দামি হলো চিংড়ি মাছ। সব থেকে বেশি বিক্রি হওয়ায় এ মাছের দাম এখন ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তেলাপিয়া মাছ ২৫০-৩০০, রুই, কাতলা ও মৃগেল মাছের দাম ৩০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, পার্শে মাছ ৭০০ টাকা, টাকি মাছ ২৫০-৩০০ টাকা, বাগদা চিংড়ি ৭০০-৯০০ টাকা, পুঁটি মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি কৈ, সিং ও মাগুর মাছ ৭০০ টাকা, ভেটকি মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এতদিন সামুদ্রিক মাছের দাম ক্রেতার নাগালের মধ্যে থাকলেও এখনও সেই সব মাছের দামও বেড়েছে।