মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে শুক্রবার বিকেলে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত জারি পর সন্ধ্যা ৭টা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এতে বন্দরে অবস্থানরত ৭টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বন্দরে বিদেশী জাহাজের আগমন-নির্গমনও। বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজগুলোর ইন্জিন চালু রেখে পশুর চ্যানেলের বিভিন্ন জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে হারবার বিভাগ থেকে। এছাড়া বিদেশী জাহাজের গাঁয়ে/পাশে থাকা কার্গো, কোস্টার ও বার্জগুলোকে জাহাজ ছেড়ে চ্যানেলে ও চ্যানেল সংলগ্ন সুন্দরবনের নদ-নদীতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জাহাজ আগমন-নির্গমন, জাহাজের পণ্য ওঠানামা, পরিবহণ ও নৌযান (কার্গো, কোস্টার, বার্জ) চলাচলের কাজ বন্ধ থাকবে।
এছাড়া ঘূর্নিঝড়ের কারণে গভীর সমুদ্রে থাকা নৌবাহিনী ও কোস্ট গার্ডের ৪টি যুদ্ধ জাহাজ বন্দর জেটিতে নিরাপদে অবস্থান নিয়েছে।
বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাষ্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাৎ হোসেন বলেন, শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেয়ার পর বন্দরের নিজস্ব এলার্ট-০২ জারি করা হয়। এরপর বন্দরের অপারেশনাল কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বন্দরের নিজস্ব নৌযানগুলোকেও নিরাপদে থাকতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযানও। বন্দরের হারবার বিভাগে খোলা কন্ট্রোল রুম থেকে এ সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত জারি পর বিকেল থেকেই বন্দর, পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় দুর্যোগ সতর্কীকরণ পতাকা টানানো হয়েছে। মাইকিং করে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সকল ধরণের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। এছাড়া ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ১৪শ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রাখা হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত জারি পর বিকেলেই পৌরসভায় কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর ও ভলেন্টিয়ারদের নিয়ে জরুরী সভা করে পৌর এলাকার বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এছাড়া পৌরসভার ডিজিটাল সেন্টার থেকে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে।
অপরদিকে উপকূলরক্ষাকারী বাহিনী কোস্ট গার্ড সতর্কীকরণ প্রচারণার পাশাপাশি জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যেতে উদ্ভুদ্ধ ও জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যেতে সহায়তায় প্রস্তুতি নিয়ে রেখেছেন।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ অবস্থানে রয়েছেন বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও।
এদিকে ৪নম্বর হুশিয়ারী সংকেত জারি ও স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশুর নদীর পাড়ের বাসিন্দাদের মাঝে ভীতি বিরাজ করছে।











































