Home আঞ্চলিক নির্বাচন করলে দায়িত্ব ছাড়তে হবে ওয়ার্ড সভাপতি-সম্পাদককে

নির্বাচন করলে দায়িত্ব ছাড়তে হবে ওয়ার্ড সভাপতি-সম্পাদককে

12

 

স্টাফ রিপোর্টার।।

কাউন্সিলর পদে নির্বাচন করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক এবং সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে থানা অথবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনেকেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে যিনি সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাকে আগামী ৩০ জুন পর্যন্ত ওই পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করতে হবে।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক বলেন, কাউন্সিলর নির্বাচনের জন্য পদত্যাগ করলে সে ক্ষেত্রে সভাপতির স্থলে ক্রমানুসারে সহসভাপতি এবং সাধারণ সম্পাদকের স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক ওই দায়িত্ব পালন করবেন। ৩০ জুনের পর আবারও তারা দায়িত্ব ফিরে পাবেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৩-১৪টি ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করেছেন।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো বলেন, আগে কোনো নির্বাচনে এ রকম হয়নি। তবে যেহেতু দল করি, তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়েই নির্বাচন করব।

একই কথা বলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু এবং ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর মো. লিটন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকরা প্রার্থী হলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে না। সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।