ঢাকা অফিস।।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী সপ্তাহে অতিভারী বর্ষণ হতে পারে। এক্ষেত্রে দেশের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হবে। বুধবার কৃষি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. শামীম হাসান ভূঁইয়া।
তিনি জানান, আগামী সপ্তাহের শুরুর দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে; ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক (৫১-৭৫ শতাংশ এলাকা) স্থানে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু (২৬-৫০ শতাংশ এলাকা) স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া, বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪-৮৮ মিলিমিটার/দিন) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/দিন), ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি ধরণের ভারী (২৩-৪৩ মিলিমিটার/দিন) থেকে ভারী (৪৪-৮৮ মিলিমিটার/দিন) এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী (২৩-৪৩ মিলিমিটার/দিন) বৃষ্টির সম্ভবনা রয়েছে।
ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আগামী রোববার উপকূল অতিক্রম করতে পারে। এটি বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের চকপিউ শহরের মধ্যবর্তী কোনো এলাকা দিয়ে স্থলভাগে আঘাত করবে।











































