ঢাকা অফিস।।
৮ বছর আগের অস্ত্র মামলায় দুবাইয়ে অবস্থানরত বিতর্কিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া
হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মেদ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, গত ১৩ই এপ্রিল এ মামলায় আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। পলাতক থাকায় আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি রবিউল ওরফে আরাভ। দশ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আরাভ খানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গত ৭ই মে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এ মামলা রায়ের পর্যায়ে আসে। তার আগে ২৮শে মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রের ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮শে জানুয়ারি রবিউল ওরফে আরাভ তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে ঢাকার মগবাজারের বাসায় যান। পরে একটি গুলিভর্তি রিভলবারসহ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে রমনা থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই সুজন কুমার কুণ্ডু।
তদন্ত শেষে একই বছরের ১লা মার্চ অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।
পরে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ আসে ১০ই মে। এ মামলায় ২০১৮ সালের ১৪ই মার্চ জামিন নিয়ে পলাতক হন রবিউল। ওই বছরের ২৪ অক্টোবর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। সম্প্রতি দুবাইয়ে আরাভ খান ঘটা করে তার সোনার দোকান উদ্বোধন করলে পুলিশ জানায়, আরাভই দেশে রবিউল নামে পরিচিত ছিলেন। তিনি আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে পাড়ি জমান।











































