ঢাকা অফিস।।
কোনো দলীয় সরকার নয়, সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃস্থাপনের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় স্থায়ী সমাধান চায় বিএনপি। একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচনের পদ্ধতিও বাতিল চায় দলটি।
বিএনপি নেতারা মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেই গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে বিরোধী দলগুলো রাজপথে সোচ্চার হয়। অন্যদিকে বিরোধী দলের দাবিকে অগ্রাহ্য করে অনড় অবস্থানে থাকে ক্ষমতাসীন সরকার। ফলে রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে একই চিত্র ঘুরপাক খাচ্ছে। এই অবস্থার স্থায়ী সমাধান চায় বিএনপি।
আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা সংবিধানে সংযোজনের পক্ষে বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন সময়ে দলটির হাইকমান্ড দলের নেতাদের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত নেতা
মওদুদ আহমেদও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে এ কথা এই প্রতিবেদককে বলেছিলেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেছিলেন, ‘যুক্তরাজ্যেও এই ধরনের বিধান নেই। হাউজ অব কমন্স ভেঙে না দিয়ে সেখানেও আরেকটি নির্বাচন হয় না। আমাদের সংসদ ভেঙে দিয়েই নির্বাচন করতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনের কোনো নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না এবং জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সেজন্য এই সংসদ ভেঙে দিয়ে এই অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। তাই জনগনের মনোভাব বুঝে বিএনপির ঘোষিত ১০ দফা মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। অন্যথায় রাজপথে এই দাবির ফয়সালা হবে।
১০ দফা দাবিতে বিএনপি রাজপথে থাকার পাশাপাশি ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বিএনপির নেতারা বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হলে বিএনপির ওপর হতাশা চেপে বসে। তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও ওই সময় পুরো দলের প্রতি তার নিয়ন্ত্রণ ছিল না। ইচ্ছা না থাকলেও ‘দল ভাঙ্গা’র চাপ থেকে ওই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেয়। এই নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মনোবল ভেঙে পড়া বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেন, ‘যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে সাংগঠনিকভাবে বিএনপি ব্যাপক শক্তিশালী। যার কারণে এখন গ্রাম পর্যায় পর্যন্ত কর্মসূচি করা যাচ্ছে।’
এ অবস্থায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, বর্তমানে নেতাকর্মীদের মনোবল এমন জায়গায় পৌঁছেছে যে, চলমান আন্দোলনে সফল হওয়া সম্ভব। গুলশানের বাসায় অবস্থান করা খালেদা জিয়া এবং যুক্তরাজ্যে অবস্থান করা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা নেতারাও বলেছেন, উভয় নেতার মনোবল বেশ চাঙ্গা, তাদের সিদ্ধান্ত এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।
দলের শীর্ষ নেতৃত্বের বরাত দিয়ে বিএনপির এক নেতা বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলনের তীব্রতা বাড়লে দল ভাঙাসহ নানা পদক্ষেপ এবং আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার নানা প্রস্তাবও দিতে পারে। নির্বাচনকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বের প্রস্তাবও আসতে পারে, সে ব্যাপারেও দল বেশ শক্ত অবস্থানে রয়েছে।’
গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া। তার সঙ্গে সাধারণত কোনো নেতা দেখা করতে পারেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থায়ী কমিটির সদস্যরা প্রতি বছর দুই ঈদে দেখা করেন। এ ছাড়া কিছুদিন আগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ঢাকা মহানগর বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন তার সঙ্গে সাক্ষাৎ করেন। গত বছর ডিসেম্বরে ড. রেজা কিবরিয়া স্ত্রীসহ দেখা করেছিলেন। কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যমকে তারা কেউ কোনো কথা বলেননি। তবে এই প্রতিবেদকের সঙ্গে তাদের কয়েকজনের বিভিন্ন সময়ে কথা হয়েছে। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ব্যাপারে খালেদা জিয়া সবাইকে শক্ত অবস্থানে থাকার কথা বলেছেন।
সর্বশেষ গত সোমবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি খালেদা জিয়ার বরাত দিয়ে নানা বক্তব্য রেখেছেন। ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে যে কোনো নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে বর্জন করতে হবে। সে কথাই বলেছেন বিএনপি চেয়ারপারসন। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ভালো হয়নি। ষড়যন্ত্র করে নেতাদের বিপথগামী করার চেষ্টা করবে সরকার। এ ক্ষেত্রে সজাগ থাকতে হবে; সতর্ক থাকতে হবে। সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে।’
খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের কাছেও খুব বেশি কদর ছিল না বিএনপির। দলটির নেতারা বলেন, রাজপথের চলমান আন্দোলনের কারণে সে অবস্থার পরিবর্তন ঘটেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে রাজপথের আন্দোলনের কারণে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের গুরুত্ব বাড়ে। নির্বাচনের মাস খানেক আগে ২০১৩ সালের ১০ ডিসেম্বর রাজনৈতিক সংকট নিরসনে তখনকার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এসেছিলেন। তিন দিনের সফরে ২০টির বেশি বৈঠক করলেও সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে জাতিসংঘের ওই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছিল। ওই নির্বাচন বিএনপি বর্জন করেছিল। নির্বাচনের পরে বিএনপি নেতারা বলেছিলেন, তারানকোর উপস্থিতিতে দ্রুত আরেকটি নির্বাচন অনুষ্ঠানের কথা হয়েছিল। যদিও বিএনপি নেতাদের এই বক্তব্য পরে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপি সেভাবে রাজপথে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। যার কারণে কূটনীতিকদেরও আগ্রহ কম ছিল বলে মনে করে বিএনপি। এবার রাজপথে কিছুটা আন্দেলন গড়ে তোলায় কূটনীতিকদের মাঝে বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে নির্বাচনকালীন সংকট নিয়ে ক্ষমতাসীন দলসহ রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ বেড়েছে। গত ১৬ এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার সঙ্গেও বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে খবর ছড়িয়ে পড়ে- পর্দার আড়ালে বিএনপিকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রপতির অধীনে নির্বাচনে যাওয়ার বিষয়ে। এ-ও প্রচার হয়, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কথা বলেছেন। কিন্তু শীর্ষ নেতার কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি ওখানেই থেমে যায় বলে প্রচার রয়েছে। যদিও এ নিয়ে বিএনপির তরফ থেকে কোনো নেতাই কথা বলতে চাননি।
এর আগে গত ১৬ মার্চ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেয় দলের একটি প্রতিনিধি দল। একই সময়ে যুক্তরাজ্যসহ পশ্চিমা কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও বিএনপি নেতাদের বৈঠক হয়।
সর্বশেষ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, বিরোধী নেতাকর্মীদের গুম-খুন, গায়েবি মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার ইস্যুসহ নানা প্রসঙ্গ তুলে ধরে দলের অবস্থান জানান নেতারা।
বিএনপির কূটনৈতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশসহ সারাবিশ^ বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, জনগণের ইচ্ছার প্রতিফলন তারা দেখতে চায়। এ কথাগুলো তারা প্রধানমন্ত্রী ও তার পররাষ্টমন্ত্রীকেও বলছেন।
তিনি আরও বলেন, বিদেশিরাও আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সংশোধনীর মধ্য দিয়ে সরকার সংসদীয় গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভোটচুরির মূল প্রকল্প হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া যাবে না। পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অন্যথায় কঠিনভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঠিক করতে গতকাল মঙ্গলবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন একটা ওয়েবের মতো। এটা কখনো ওঠে, কখনো নামে। সেটা জনগণের সব পরিপ্রেক্ষিত বুঝে নিয়ে আমাদের আন্দোলনটা করতে হয়। যেমন রোজার মাস, রোজার মাসে তো স্বাভাবিকভাবে যারা রোজা রাখেন, সেটাতে খেয়াল রাখতে হয়। তখনও আমরা কর্মসূচি দিয়েছি এবং আপনারা দেখেছেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন হয়েছে, আমাদের পদযাত্রা হয়েছে, আমাদের সমাবেশ হয়েছে। এখন আমরা যারা (সমমনা রাজনৈতিক দল) আন্দোলনের অংশীদার আছেন, শরিক দলগুলো আছেন, তাদের সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত আলোচনার পর্যায় এসেছি। খুব শিগগিরই নতুন কর্মসূচি জানতে পারবেন।











































