স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা আমাদের লক্ষ্য। তবে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আগে অবশ্যই সেটি খুলনার স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সম্মেলনকক্ষে অংশীজনদের সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দক্ষিণ কোরিয়ার দোহওয়া প্রকৌশল কোম্পানি খুলনার জলাবদ্ধতা-যানজট নিরসন ও পর্যটনের বিকাশে সম্ভাবনাময় যে পরিকল্পনা তুলে ধরেছে সে বিষয়ে আরো যাচাই-বাছাই ও আলোচনার প্রয়োজন রয়েছে।
সভায় জানানো হয়, খুলনা নগরীর প্রধান সমস্যাগুলো দূর করতে সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের মধ্যে থেকেই স্মার্টসিটি হিসেবে খুলনাকে গড়ে তোলা যেতে পারে। পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর ড্রেনেজ ও যানচলাচল ব্যবস্থা এক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারতে অনুরূপ সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোও খুলনায় অনুসরণ করা যেতে পারে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর এনভাইরনমেন্ট অ্যান্ড গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসানুল হক মিয়া। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেরসকারি দফতরের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।











































