Home আঞ্চলিক কালীগঞ্জে নবজাতকের কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ

কালীগঞ্জে নবজাতকের কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ

155

বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের পৌর কবরস্থান থেকে ৩ দিনের নবজাতকের কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে কবরস্থান দেখতে এসে নজরে পড়ে নবজাতকের মা শামছুন্নাহার সিমির। এরপর বিষয়টি জানাজানি হয়। সন্তানের কঙ্কাল চুরির ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নবজাতকের মা শামছুন্নাহার সিমি জানান, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি অসুস্থ ছিল। তিনি জীবিত বাচ্চাটিকে দেখেননি। এরপর ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে ওই বছরের ১৯ সেপ্টেম্বর শিশুটি মারা যায়। প্রায়ই তিনি সন্তানের কবর দেখতে আসেন। সোমবার বিকেলে এসে দেখতে পান কবর খুঁড়ে রাখা হয়েছে। কবরের বাঁশগুলো একপাশে রেখে দেওয়া হয়েছে।

নবজাতকের বাবা জুবায়ের হোসেন জানান, জন্মের তিনদিন পর তার শিশু সন্তান মিরাজ আল মুহিদ মারা যায়। এরপর কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন। বিষয়টি জানার পর তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেকের জানিয়েছেন। যারা এই ঘৃণিত কাজ করেছে তাদেরকে শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি খুব দুঃখজনক ঘটনা। বিষয়টি তিনি দেখবেন।