স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রবিবার (৭ মে) বিকাল পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়াল, আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও এসএম শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ৭ মে বিকাল পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রচার-প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন বলে জানান তিনি।
জানা গেছে, ৭ মে পর্যন্ত ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বোচ্চ ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর ৮ নম্বর ওয়ার্ডে এ পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
এ ছাড়া ২, ১৩, ১৫, ২০, ২৩, ২৪, ২৫ ও ২৯ নং ওয়ার্ডে ২ জন করে, ৫ ও ২৬ নং ওয়ার্ডে ৩ জন করে, ৭, ৯, ১৭ ও ২৮ নং ওয়ার্ডে ৪ জন করে, ৩, ৪,৬ ও ১৬ নং ওয়ার্ডে ৫ জন করে, ১১, ১৯ ও ২২ নং ওয়ার্ডে ৬ জন করে, ১ ও ১২ নং ওয়ার্ডে ৭ জন করে, ১০ ও ২১ নং ওয়ার্ডে ৮ জন করে, ১৮ নং ওয়ার্ডে ৯ জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে এ পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ২, ৩, ৪, ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডে ৩ জন করে, ৫ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৫ জন ও ১০ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে খুলনায় ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এবার মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন, মহিলা ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। পাঁচ বছরের ব্যবধানে ভোটার বেড়েছে মোট ৪২ হাজার ৪৩৬ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র ২৮৯টি আর বুথ ১ হাজার ৭৩২টি। ২০১৮ সালের নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ২৮৯টি এবং বুথ ছিল ১ হাজার ৫৬১টি। এবার বুথ বেড়েছে ১৭১টি।
এদিকে পাঁচ বছরের ব্যবধানে নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে ভোটার বাড়লেও কমেছে খালিশপুর শিল্পাঞ্চলের ৮ ও ১১ নম্বর ওয়ার্ডে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে ২০১৮ সালে ভোটার ছিল ৭ হাজার ১৯৫ জন। বর্তমানে ভোটার ৬ হাজার ৭২৬ জন। ভোটার কমেছে ৪৬৯ জন। ১১ নম্বর ওয়ার্ডে ২০১৮ সালে ভোটার ছিল ৯ হাজার ২৫০ জন। এবারের নির্বাচনে ভোটার ৮ হাজার ৬৮৯ জন। ভোটার কমেছে ৫৬১ জন। দুটি ওয়ার্ডে ভোটার কমেছে ১ হাজার ৩০ জন।
স্থানীয়রা জানান, ২০২০ সালের জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর ও দৌলতপুর জুট মিল বন্ধ হয়ে যায়। এ চারটি পাটকলের শ্রমিকদের বড় অংশের বাস ছিল ৮ ও ১১ নম্বর ওয়ার্ডে। খালিশপুর শিল্পাঞ্চলের এই চারটি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে ভোটার তালিকায় তাদের নাম স্থানান্তর করা হয়েছে। যে কারণে এই দুটি ওয়ার্ডে ভোটার কমেছে।











































