Home আঞ্চলিক খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ১

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ১

7

 

স্টাফ রিপোর্টার।।

খুলনার খানজাহান আলী থানা এলাকায় ট্রেন-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।। এ সময় পিকআপের হেলপার আফজাল শেখ (৬১) নিহত ও চালক নূর ইসলাম শেখ আহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে নগরের আফিলগেট বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির হোসেন বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে গেটম্যানকে পাওয়া যায়নি।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ আগেই মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।