স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর খালিশপুর থানার পিপলস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু সালেহ অপু হত্যা মামলায় দুই আসামিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস সালাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল ইসলাম ও উজ্জ্বল হোসেন। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০০৪ সালের ১৫ অক্টোবর স্কুলছাত্র আবু সালেহ অপুকে হত্যা করে মুজগুন্নি এলাকার একটি ধানক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ মজনু খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শুরু থেকে বাদীপক্ষকে আইনগত সহযোগিতা করে আসছে। আমরা এ রায়ে সংক্ষুব্ধ হয়েছি। এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।











































