Home আঞ্চলিক তৃষ্ণা মেটাচ্ছে সুস্বাদু তালের শাঁস

তৃষ্ণা মেটাচ্ছে সুস্বাদু তালের শাঁস

61

কুষ্টিয়া প্রতিনিধি।।

তালের শাঁস পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। তালের শাঁস রয়েছে সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। চলছে বৈশাখ মাস। এরইমধ্যে দেশের অন্যান্য স্থানের মতো কুষ্টিয়া ভেড়ামারার বাজারে আম, লিচুসহ হরেক রকমের ফল দেখা মিলছে। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে সুস্বাদু তালের শাঁসও। প্রচণ্ড তাপদাহে বাড়ছে এই ফলটির কদর।
ভেড়ামারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসহ্য গরমের এই সময়ে তালের শাঁস বিক্রিও হচ্ছে দেদারসে। তালের শাঁসে তৃপ্তি মেঠাচ্ছে গরমে হাঁফিয়ে উঠা লোকজনের। কাঠ ফাঁটা গরমে কচি তালের শাঁস বাঙালির এক প্রশান্তিময় খাদ্য। কয়েক দিন পরেই জ্যৈষ্ঠের মধু মাস শুরু। এখন তাল শাঁসের মৌসুম চলছে। এরই মধ্যে ভেড়ামারা বাজারে আসতে শুরু করেছে তাল।

তাল বিক্রেতা শমসের আলী জানায়, তীব্র গরমের কারণে বাজারে কচি তালের চাহিদা অনেক বেশি। তাই তিনি ভেড়ামারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন।

তিনি আরো জানান, এখন তালের শাঁসের দাম একটু বেশি ভরা মৌসুম শুরু হলে এর দাম কমতে শুরু করবে। পুরো জৈষ্ঠ্যমাস জুড়ে তালের ব্যবসা জমজমাট ভাবে চলবে। গ্রাম থেকে তাল ক্রেতারা তালের শাঁস প্রতি ১০ টাকা করে প্রতি পিচ ক্রয়করে এনে তা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করছে।

ক্ষেমিরদিয়ার গ্রামের তাল ব্যবসায়ী নবীর উদ্দীন জানান,এখন বাজারে কচি তাল। কয়েক দিন পরেই তালের শাঁস শক্ত হতে শুরু করবে। তবে শক্ত শাঁসের তাল গ্রামীণ অঞ্চলের লোকজনদের কাছে প্রিয়। কারণ এ তাল পাকিয়ে মজাদার তালের পিঠা বানায়। মৌসুমী তালের পিঠাও এ অঞ্চলের লোকজনদের কাছে খুব জনপ্রিয়।

ভেড়ামারা রেল বাজার শিল্পবণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ বলেন, তীব্র গরমে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে, কচি ডাবের দাম অনেক বেশি। তাই পিপাসা মিটাতে মৌসুমী ফল সাধারণ মানুষ কচি তালের শাঁসের দিকে বেশি ঝুঁকছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. নূরুল আমীন বলেন, একটি তালের শাঁসের ৯২ শতাংশই জলীয় অংশ, ক্যালরি থাকে ২৯, শর্করা ৬ দশমিক ৫ গ্রাম, ক্যালসিয়াম ৪৩ মিলিগ্রাম, খনিজ শূন্য দশমিক ৫ মিলিগ্রাম, ভিটামিন সি ৪ মিলি গ্রাম। গরম শরীরের পানির অভাব পূরণ করতে এর মধ্যে আছে ৭৭ দশমিক ৫ ভাগ জলীয় অংশ। ০ দশমিক ৫ গ্রাম খাদ্য আঁশ থাকায় এটি হজমে সহায়ক।অবাক করার মতো খাদ্যশক্তি রয়েছে তালের শাঁসে। প্রায় ৮৭ কিলোক্যালোরি। ৮ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকায় তালের শাঁস হাড় গঠনেও দারুণ ভূমিকা রাখে। তাছাড়া তালের শাঁস শরীরকে দ্রুত শীতল করে। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে। তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচি তালের শাস রক্তশূন্যতা দূর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়। শরীর থেকে বিষাক্ত পদার্থও বের করে দেয়। সবারই তালের শাঁস খাওয়া উচিৎ বলে তিনি মনে করেন।