Home আঞ্চলিক খুলনায় কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাংবাদিক পরিবারের ৩ জন

খুলনায় কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাংবাদিক পরিবারের ৩ জন

12

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন ২ জন সাংবাদিক ও একজন সাংবাদিকের স্ত্রী। এর মধ্যে ২ জন সাংবাদিক কাউন্সিলর পদে এবং একজন সাংবাদিকের স্ত্রী সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নগরীর ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক মো. আনোয়ারুল ইসলাম কাজল। তিনি বলেন, গত ১৫/২০ বছর ধরে সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে আছি। গত ৪/৫ বছর ধরে এলাকার লোকজন প্রার্থী হতে বলছে। ইতোমধ্যে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছি এবং এলাকার মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেয়, তাহলে দলের কাছে মনোনয়ন চাইবো।

নগরীর ১২ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবরের ফটো সাংবাদিক মো. রবিউল গাজী উজ্জ্বল। তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছি। আমি এলাকার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি।

এদিকে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করবেন দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক মো. সাহেব আলীর স্ত্রী সবনম মুস্তারী বকুল। তিনি সাধারণ ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ১০নং ওয়ার্ডে নামবেন প্রতিদ্বন্দ্বিতায়। ২৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সবনম মুস্তারী বকুল জানান, তিনি রোববার (৮ মে) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ইতোমধ্যে নির্বাচনের প্রাথমিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন।