Home আন্তর্জাতিক ৬৬ শিশুর জীবন বাঁচল স্কুলছাত্র

৬৬ শিশুর জীবন বাঁচল স্কুলছাত্র

10

খুলনাঞ্চল ডেস্ক।।
স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। পথে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন চালক। এসময় বাসটি রাস্তার বাইরে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় বাসের স্টিয়ারিং ধরে সপ্তম শ্রেণির ছাত্র ডিলন রিভস। পরে বাসটি বন্ধ করে দেয় রিভস। এতে প্রাণে রক্ষা পায় ৬৬ শিশু। বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগানে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

সিবিএস নিউজের কাছে পাওয়া ভিডিওতে দেখা যায়, রিভস বাসের সামনে আসনে বসা ছিল। বাসটি যখন চলছিল সে দেখতে পায়- চালক জ্ঞান হারিয়ে ফেলেছেন। এসময় রিভস স্টিয়ারিং ধরে এবং ব্রেক করে বাসের ইঞ্জিন বন্ধ করে দেয়। পরে রিভস জরুরি নম্বরে ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আরেকটি বাসে বাড়ি পৌঁছে দেয় ও বাসচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কী কারণে চালক জ্ঞান হারিয়ে ছিলেন তা জানা যায়নি।

এ ঘটনায় প্রশংসায় ভাসছে ১৩ বছর বয়সী ডিলন রিভস।

স্থানীয় সিটি কাউন্সিলর জোনাথন ল্যাফার্টির এক ফেসবুক পোস্টে বলেন, রিভস বাসটিকে কমপক্ষে একটি গাড়ি ও একটি বাড়িতে আঘাত থেকে রক্ষা করেছে। রিভস আমাদের ‘হিরো’। আমরা তাকে নিয়ে গর্বিত।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, চলন্ত বাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক। তিনি ওই সময় বিষয়টি পরিবহণ সংস্থাকে জানান। এরপরই জ্ঞান হারান। ওই সময় রিভস বাসটি না থামালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।