স্টাফ রিপোর্টার।।
খুলনার দিঘলিয়ার আওয়ামী লীগ নেতা ও বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ হত্যা মামলায় বারাকপুর ইউপি চেয়ারম্যান পাভেল গাজীসহ ১৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনার মুখ্য মহানগর হাকিম মমিনুন নেসা এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আনছার শেখ হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। তাদের সেই মেয়াদ শেষ হওয়ায় তারা জামিনের জন্য উপস্থিত হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।
জামিন নামঞ্জুর হওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন -পাভেল গাজী, পারভেজ মিনা, পলাশ মিনা, রাসেল গাজী, মঞ্জু গাজী, কাইফ গাজী, জনি শেখ, আজিজুল শেখ, বাপ্পী শেখ, শিমুল গাজী, আসাদ মোল্লা, আজিবর শেখ, আন্দু গাজী, বিল্লাল চৌধুরী, আজিজুল চৌধুরী ও সাগর মোল্লা।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ নগরীর খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আনছার শেখ। একদিন পর তার ছেলে তানভীর শেখ বাদি হয়ে বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ওরফে পাভেল গাজীসহ ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।











































