Home আঞ্চলিক হেলাল-এজাজসহ ১৩ নেতাকর্মী কারাগারে: মহাসচিবের নিন্দা

হেলাল-এজাজসহ ১৩ নেতাকর্মী কারাগারে: মহাসচিবের নিন্দা

15

স্টাফ রিপোর্টার।।

বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ডুমুরিয়া এবং দিঘলিয়া থানার পৃথক দুই মামলায় ১৩জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। উচ্চআদালতের জামিন শেষে নিম্নআদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

কারাগারে প্রেরণকৃত নেতৃবৃন্দ হলেন- ডুমুরিয়া থানার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মোঃ জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মোঃ শাহ নেওয়াজ শেখ। অন্যদিকে, দিঘলিয়া থানায় অনুরুপ অভিযোগে দায়েরকৃত মামলায় হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগরকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্র“য়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় ডুমুরিয়াতেও শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির কাল্পনিক অভিযোগে মামলা করে। এ মামলায় উচ্চআদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতৃবৃন্দ। আজ আদালতে ৮জনের জামিনমঞ্জুর করে; জামিনপ্রাপ্তরা হলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক। আসামী পক্ষে শুনানীতে অংশগ্রহন করেন এ্যাড. মোমরেজুল ইসলাম ও চৌধুরী তৌহিদুর রহমান তুষারসহ অনেকেই। আদালতে নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দকে আদালত থেকে প্রিজন ভ্যানে কারাগারে নেবার পথে ফ্যাসিষ্ট সরকার বিরোধী গণন বিদারী স্লোগানে প্রকম্পিত হয় সমগ্র এলাকা।

মহাসচিবের নিন্দা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বিক অবস্থায় এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার কোনোভাবেই বিরোধী দল ও মত সহ্য করতে চায় না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। বিচারকরা আইন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে সাথে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতৃবৃন্দের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সাথে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে নিশিরাতের আওয়ামী সরকার এসব নির্মম কর্মকাণ্ড সংঘটিত করে নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ জনগণ এখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’
বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়েরের মাধ্যমে গণগ্রেফতার এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। বিএনপিসহ আটক বিরোধী দলীয় সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং সকল ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দমন-নিপীড়ণ, হামলা মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে, তাতে দেশ এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থায় পতিত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

খুলনা বিএনপি’র নিন্দা : কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ১৩ জনকে কারাগারে প্রেরণ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিশিরাতের সরকার প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিথ্যা মামলায় জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন যা বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হেলাল, এজাজসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির প্রভাবশালী সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ। উল্লেখ্য, খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম ১৩ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।