Home আঞ্চলিক কর্মস্থলে যাওয়া হলো না বড় ভাইয়ের, আইসিইউতে ছোট ভাই

কর্মস্থলে যাওয়া হলো না বড় ভাইয়ের, আইসিইউতে ছোট ভাই

25

স্টাফ রিপোর্টার।।

খুলনায় সড়ক দুর্ঘটনায় রিফাত ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রোহান আহম্মদ (১৮) গুরুতর আহত হয়েছেন। তারা কাশেম সড়ক এলাকার রবিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শেরে এ বাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত ইসলাম। আহত রোহান খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনাডাঙ্গা মডেল থানার এস আই মুক্তা রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রিফাত ইসলাম ও রোহান দুই ভাই। রিফাত ফেরিঘাট মোড় সংলগ্ন হানিফ কমপ্লেক্সের সেনেটারি গ্যালারিতে কর্মরত ছিলেন। রোহান একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। সকালে তারা কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। নিরালা পার হয়ে হাজী বাড়ির সামনে পৌঁছলে জাহিদুর রহমান সড়কের দিকে একটি বাইসাইকেল তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। ওই বাইসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রিফাত দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ছোট ভাই রোহান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।