Home আঞ্চলিক আবারও ডিম দিয়েছে পিলপিল, বাচ্চা ফোটা নিয়ে শঙ্কা

আবারও ডিম দিয়েছে পিলপিল, বাচ্চা ফোটা নিয়ে শঙ্কা

12

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের প্রাণকেন্দ্রে হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার-সংলগ্ন দিঘিতে থাকা মিঠাপানির মা কুমির পিলপিল আবারও ডিম পেড়েছে। কুমিরটি ৫০ থেকে ৬০টি ডিম দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারও এসব ডিম ফুটে বাচ্চা ফোটা নিয়ে শঙ্কা রয়েছে।

এর আগে অনেকবার পিলপিল ডিম পাড়লেও বাচ্চা ফোটাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, কুমিরটির বয়স বেশি হওয়ায় এমনটা হচ্ছে।

ডিম পাড়ার খবরে দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে মাজারে। তাদের কেউ কাছে গেলেই তেড়ে আসছে পিলপিল। তার অবস্থানের আশপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন মাজারের খাদেমরা।

খানজাহান আলী (রহ.) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, মাস খানেক আগে কুমিরটি দিঘীর পূর্ব পাড়ের বিনা ফকিরের বাড়ির পাশে ডিম পেড়েছে। কয়েকদিন আগে এটা তাদের দৃষ্টিগোচর হয়। তিনি জানান, এ নিয়ে অনেকবার মা কুমিরটি দিঘীতে ডিম পেড়েছে। কিন্তু কখনও বাচ্চা হয়নি। এভাবে বাচ্চা না হলে কুমিরের বংশ বৃদ্ধি হবে না। মাজারের দিঘী থেকে মিঠা পানির কুমির হারিয়ে যাবে।

বিনা ফকির জানান, তার বাড়ির পাশে কুমিরটি ৫০ থেকে ৬০টি ডিম দিয়েছে। তিন মাস এখানে থাকবে। ডাঙায় খাবার দিতে হয়। মুরগির মাংস টুকরো টুকরো করে দেন। তা-ই খায়। পানিতে ওর কোনো খাবার নেই। তিনি বলেন, এতো কষ্ট করে ডিমে তা দেয়, কিন্তু বাচ্চা ফোটে না। এজন্য তাদের খুব মনখারাপ হয়।

এ প্রসঙ্গে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বয়সের কারণে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলায় দিঘীতে থাকা মিঠাপানির কুমির দুটি বারবার ডিম দিলেও তা থেকে বাচ্চা হচ্ছে না। এছাড়া এখানে থাকা কুমিরদের খাবারে কোনো নিয়ন্ত্রণ নেই।

তিনি আরও বলেন, মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা খাবার হিসেবে যে যার মত চর্বিযুক্ত মাংস দেন। ফলে কুমিরদুটির পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে। বাচ্চা না ফোটার এটাও বড় কারণ। নতুন করে অল্প বয়সী দুটি নারী-পুরুষ কুমির দিঘীতে ছাড়তে পাড়লে বাচ্চা ফোটানো সম্ভব হতে পারে।